রাশিয়ার একটি বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সৃষ্ট বিস্ফোরণ ও আগুনের কুণ্ডলীতে ঘাঁটির আশপাশের কটেজও উড়ে গেছে। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা রাশিয়ার আকাশ থেকে প্রায় ১৩২টি ড্রোন ভূপাতিত করেছে। খবর রয়টার্সের।

জানা গেছে, রাশিয়ার এঙ্গেলসে অবস্থিত এই বিমানঘাঁটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টিইউ-১৬০ রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিশাল একটি বিস্ফোরণ বিমানঘাঁটির চারপাশে ছড়াচ্ছে। এ সময় বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল আশপাশের কটেজগুলো।

রাশিয়ার সারাতোভের গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, এঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এগুলোর আঘাতে একটি বিমানঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে।

এদিকে ইউক্রেন জানিয়েছে, এই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো।