ইফতারে চিড়া প্রায় সবার পাতেই থাকে। তার ওপর যদি রোজা হয় গরমের মধ্যে, তাহলে তো কথাই নেই।

ইফতারে চিড়ার শরবত বা চিড়ার তৈরি বিভিন্ন ডেজার্ট সবারই পছন্দ। তবে চিড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চপও।

নানা রকম চপ তো ইফতারে খাওয়াই হয়। এবার নাহয় চিড়ার চপ ট্রাই করে দেখুন।

উপকরণ

চিড়া – ১কাপ

পেঁয়াজ কুচি – ১/২ কাপ

কাচা মরিচ কুচি – পছন্দ মতো

গোল মরিচ গুড়া – পছন্দ মতো

লবণ – স্বাদ মতো

চালের গুড়া – ১ টেবিল চামচ (মচমচে করার জন্য, যদি আপনি চান)

ডিম – ১ টা

ধনে পাতা কুচি – প্রয়োজনমত

তেল – চপ ভাজার জন্য পরিমাণমত

প্রস্তত প্রণালী

চিড়া ভাল করে ধুয়ে পানিতে ৫ মিনিটের মতন ভিজিয়ে রাখুন। ৫ মিনিট পর ভাল করে পানি ঝরিয়ে চিড়াগুলিকে একটি বাটিতে নিন। লক্ষ্য রাখতে হবে চিড়াতে যেন পানি না থাকে। এরপর এক এক করে সব উপকরণ মিশিয়ে নিন। এইবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল বানিয়ে চপ এর মতন সাইজ করে একটা প্লেটে রাখুন। তারপর ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে চপগুলো ভেজে নিন। চপেগুলো বাদামি হয়ে আসলে প্লেটে তুলে নিন।