নিজেকে প্রাণবন্ত রাখতে অনেকেরই প্রথম পছন্দ ডিটক্স ড্রিংকস। স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত।গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে বিকল্প নেই ডিটক্স ড্রিংকসের। বাইরে থেকে কেনা প্যাকেটজাত জুসের থেকে এই ডিটক্স ড্রিংকস অনেক বেশি উপকারী।
শরীরের ভেতরে থাকা সব দূষিত উপাদান বের করে দেয়ার জন্যই ডিটক্স ওয়াটার এর ব্যবহার। কোনো ধরনের রাসায়নিক পদার্থ ছাড়া বানিয়ে নেয়া যায় ডিটক্স ড্রিংকস। এক্ষেত্রে পানি, বিভিন্ন ধরনের ফল, পুদিনা পাতা, আদা এই ধরনের উপাদান ব্যবহার করা হয়। তবে কিছুক্ষেত্রে সবজিও ব্যবহার করা হয়।
গত কয়েকবছর ধরে রমজানে দিনের তাপমাত্রা একটু বেশিই থাকে। এই গরমে সারাদিন রোজা রেখে অনেকেই ডেহাইড্রেটেড হয়ে যান। গরমে রোজা রেখে হাইড্রেটেড ও ফিট থাকতে বিভিন্ন ফল বা সবজি দিয়ে নিজেই বানিয়ে নিতে পারবেন এটি। সেরকম কয়েকটি ডিটক্স ড্রিংকসের রেসিপিই দেয়া হলো নিচে-
লেবু-পুদিনার ডিটক্স ওয়াটার
সবচেয়ে সহজ উপায়ে ডিটক্স ওয়াটার বানানো যায় লেবু আর পুদিনা পাতা দিয়ে। আর যদি সম্ভব হয় তবে বাড়তি স্বাদের জন্য কমলালেবু, শসা কুচি, আনারস ব্যবহার করা যেতে পারে।
নরমাল পানিতে সব উপকরণ অন্তত ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সেই পানি ছেঁকে নিলেই পেয়ে যাবেন কাঙ্খিত ডিটক্স ওয়াটার।
ডাবের পানি সাথে লেবু আর পুদিনা পাতা
লেবু আর পুদিনা পাতা দিয়েই আরেকটি রিফ্রেশিং ডিটক্স ড্রিংক বানিয়ে নেয়া যায়। অবশ্য পানি না, এবার আপনার দরকার ডাবের পানি। আমাদের দেশে ডাব সব সময়ই পাওয়া যায়। এটি সারদিনের ক্লান্তি যেমন দূর করে, তেমনি শরীরের পানির অভাবও পূরণ করে। ডাবের পানি সাথে সামান্য লেবুর রস আর পুদিনা পাতা কুঁচি অ্যাড করলে তৈরি হবে দারুণ এক পানীয়। এই ডিটক্স ড্রিংকে আপনার হজমশক্তি যেমন বাড়বে, তেমনি বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা।
কমলা আর গাজর দিয়ে ডিটক্স ড্রিংক
কমলা আর গাজর দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন ডিটক্স ড্রিংক। দুটো উপাদানই ভিটামিন সি তে পরিপূর্ণ। সঙ্গে ভিটামিন বি, ভিটামিন এ ও অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। প্রথমে জুসারের সাহায্যে আলাদাভাবে গাজর আর কমলার জুস তৈরি করে নিন। এবার সামান্য আদা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিন। এই পানীয়টি ছোট-বড় সবার জন্যই পারফেক্ট। গরমে হাইড্রেটেড থাকতে ও রিফ্রেশিং ফিলিংস পেতে বরফ দিয়েও পান করতে পারেন।
শসার ডিটক্স ড্রিংক
শসা আর পুদিনা পাতা দিয়ে খুব সহজে ডিটক্স ওয়াটার বানিয়ে নেয়া যায়। শসা আর পুদিনা পাতা পরিমাণমতো পানিতে ব্লেন্ড করে ছেঁকে নিন। পরে তাতে সামান্য গোল মরিচ গুঁড়া ও লেবুর রস ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে শসা-পুদিনার হেলদি ড্রিংক।
কলা দিয়ে ডিটক্স স্মুদি
মজাদার একটি ডিটক্স স্মুদি হলো কলার ডিটক্স স্মুদি।একটি কলা, ৩/৪টি খেজুর, সামান্য আদা কুঁচি, মাল্টা বা লেবুর রস ও সামান্য চিয়া সিড পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। তাতেই তৈরি হয়ে যাবে হেলদি ও টেস্টি ‘বানানা স্মুদি’।
গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে এই হেলদি ডিটক্স ড্রিংকগুলো ট্রাই করুন। এছাড়াও বিভিন্ন ফল, মসলা, সবজি এগুলো দিয়ে আপনার পছন্দ অনুযায়ী ডিটক্স ড্রিংকস বানিয়ে নিতে পারেন।










