অসুখে-বিসুখে কিংবা অতিরিক্ত গরমে একটু প্রশান্তির ছোঁয়া পেতে বিকল্প নেই ডাবের পানির। গরমে শরীরে পানিশূন্যতা দূর করতেও ডাবের জুড়ি নেই। দাওয়াতে কিংবা বিকালের নাস্তায় ডাবের তৈরি নানান ডেজার্ট আইটেম আলাদা মাত্রা যোগ করে। এই গরমে তাই আপনার শরীর মন ঠাণ্ডা করতে রাখতে ইফতারে বানিয়ে নিতে পারেন তেমনই এক ডেজার্ট। ঘরেই বানিয়ে নিতে পারেন ডাবের পুডিং।
ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণেই চুলায় অথবা ওভেনে বানিয়ে নিতে পারেন এই মজাদার পুডিংটি।
দেখে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
১. একটি বা দুটি ডাবের পানি। (চেষ্টা করবেন শাঁসযুক্ত ডাব কিনতে )
২. ২৫ বা ৫০ গ্রাম চায়না গ্রাস। (পানির পরিমাণ বেশি হলে চায়না গ্রাসও বেশি লাগবে)
৩. পরিমাণমতো চিনি।
পদ্ধতি
প্রথমে গরম পানিতে ১০-১৫ মিনিটের মতো চায়না গ্রাস ভিজিয়ে রাখুন। এরপর একটি ডাবের পুরোটা পানি ঢেলে নিন। চুলার জ্বাল বেশি রেখে একটি পাত্রে পানি ফুটতে দিন। এতে পরিমাণমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। পানি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চায়না গ্রাসগুলো ছেড়ে দিন। যতক্ষণ পর্যন্ত চায়না গ্রাসগুলো গলে পানির সঙ্গে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। এরপর চুলা থেকে নামিয়ে নিন।
এবার সার্ভিং ডিশে ডাবের শাঁসগুলো ডিজাইন করে কেটে সাজান। তার ওপর চায়না গ্রাসসহ গরম পানি ঢেলে দিন। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন ঠান্ডা হলে পানি ধীরে ধীরে জমতে শুরু করবে। এরপর ১-২ ঘণ্টা নরমাল ফ্রিজে রাখুন।










