ছোট মাছ শরীরের জন্য খুব প্রয়োজনীয় পুষ্টিগুণসম্পন্ন একটি খাবার। এতে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি-৩ ও ভিটামিন ডি। তাই ছোট মাছ খাওয়া জরুরি।

তবে অনেকে কাটার ভয়ে ছোট মাছ খেতে চান না। বাচ্চাদেরও দিতে চান না। তারা ছোট মাছের কাঁটাবিহীন পদ বানিয়ে খেতে পারেন। এরকমই একটি মজাদার পদ কাচকি মাছের বড়া। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই বড়া।।

উপকরণ

কাচকি মাছ ৩০০ গ্রাম (পানি ঝরিয়ে নিন), পেঁয়াজকুচি ১ কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ৭-৮টি, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, আস্ত কালো জিরা ২ চিমটি, লেবুর রস ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, ভাজার জন্য শর্ষের তেল পরিমাণমতো, পানি প্রয়োজন মনে হলে।

প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে ধুয়ে রাখা কাচকি মাছগুলো নিন। এক এক করে সব কটি উপকরণ একসঙ্গে নিয়ে আলতো করে মেখে নিন। খেয়াল রাখতে হবে, কাচকি মাছগুলো যেন না ভাঙে। ভালো করে মিশিয়ে বড়ার আকারে তৈরি করতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো শর্ষের তেল দিন। তেল গরম হয়ে এলে কাচকি মাছ বড়ার আকার দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। সসের সঙ্গে পরিবেশন করুন কাচকি মাছের বড়া।