পরোটা, নানরুটি, পোলাও, খিচুড়িসহ প্রায় সব খাবারের সঙ্গেই খাওয়া যায় সাসলিক। আবার আপনার যদি মনে হয় যে শুধু সস দিয়ে খেয়ে নেবেন, তাও খেতে পারেন। মাংস আর নানা পদের সবজি কাঠিতে গেঁড়ে তৈরি করা হয় সাসলিক। অনেকে চিংড়ি, মাশরুম, বিভিন্ন ধরনের মাছ দিয়েও তৈরি করেন। তবে অনেকেরই চিংড়ি বা মাশরুমে অ্যালার্জি থাকে। সেদিক থেকে বিবেচনা করলে শিশু থেকে বৃদ্ধ- প্রায় সবার কাছেই জনপ্রিয় চিকেন সাসলিক। ইফতারেও এটি জনপ্রিয় আইটেম।
আজ থাকছে সুস্বাদু চিকেন সাসলিকের রেসিপি-
চিকেন সাসলিক তৈরির পদ্ধতি
উপকরণ
চিকেনের ব্রেস্ট পিস কিউব করে কাটা- এক বাটি
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
জিরা বাটা- ১/২ চা চামচ
মরিচ গুঁড়ো- ১ চা চামচ
কাবাব মশলা- ১ চা চামচ
সয়া সস- ১ টেবিল চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
সাদা গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো
সবুজ ক্যাপসিকাম- কিউব করে কাটা
লাল ক্যাপসিকাম- কিউব করে কাটা
পেঁয়াজ মিডিয়াম সাইজ কিউব করে কাটা- ১ টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
চিকেন সাসলিক তৈরির প্রণালী
- একটি বড় বাটিতে নিয়ে সব মশলা, সয়া সস, লবণ ও সরিষার তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে চিকেন এক ঘণ্টা মেরিনেট করুন।
- এবার এতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আবার মিশিয়ে নিন। যাতে মশলা সবজির গায়েও লাগে।
- সাসলিকের কয়েকটি কাঠি নিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে সাসলিক ভাজার সময় কাঠি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
- এবার কাঠিতে এক এক করে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম গেথে নিন। কাঠির শেষ পর্যন্ত সব গেথে নিন।
- একটি ননস্টিক প্যান নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন। এবার চুলার আঁচ হাই হিট-এ রেখে এতে একটি একটি করে সাসলিক দিয়ে দিন। উল্টেপাল্টে সাসলিক ভেজে নিন। ভাজার সময় আঁচ কমিয়ে নিতে ভুলবেন না।
- ১০-১২ মিনিট এভাবে হালকা আচে ভাজার পর দেখবেন চারপাশ ঠিকমতো গোল্ডেন ব্রাউন হয়েছে কিনা। এবার নামিয়ে নিন।
- যেকোনো সস দিয়ে পরিবেশন করুন।










