বিলাসবহুল ঘড়ি নির্মাতা ব্র্যান্ড এমবিঅ্যান্ডএফ তার সর্বশেষ লিগেসি ঘড়ি উন্মুক্ত করেছে। ঘড়িটির নাম দেয়া হয়েছে এলএম থান্ডারডোম। অবিশ্বাস্য টাইমপিসটি ঘড়ি নির্মাতা জগতের দুই সুপারস্টার এরিক কাউড্রে ও কারি ভুতিলাইনের সহযোগিতায় চার বছরেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছে। বিলাসবহুল ঘড়িটিতে বিশ্বের দ্রুততম ত্রি-অক্ষ ট্যুরবিলন সিস্টেম রয়েছে।
এমবিঅ্যান্ডএফ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ম্যাক্সিমিলিয়ান বুসার চার বছর আগে ঘড়িটির যান্ত্রিক বিষয়গুলো নিয়ে চিন্তা করা শুরু করেছিলেন এবং দুজন অত্যন্ত প্রতিভাবান মানুষকে এক জায়গায় করে ব্যতিক্রমী টাইমপিসটি তৈরি করেন। নাম অনুযায়ী এলএম থান্ডারডোমে গম্বুজের মতো একটি ডিসপ্লে কেস রয়েছে, যা গত বছরের অবিশ্বাস্য ফ্লাইং টি-এর নতুন পদক্ষেপ।
বন্য ও জটিল যান্ত্রিক প্রক্রিয়া তৈরির জন্য পরিচিত এরিক কাউড্রেকে উন্মাদনাকর ও সর্বাধিক সিনেমাটিক ত্রি-অক্ষ ট্যুরবিলন তৈরির দায়িত্ব দেয়া হয়েছিল। ফলে জটিলতম একটি ত্রি-অক্ষ গোলাকার ট্যুরবিলন তৈরি হয়েছে, যা ভিন্ন ভিন্ন গতিতে আবর্তিত হয়। ট্যুরবিলনগুলো গভীরের কাঠামোয় ৮ সেকেন্ড, মাঝের কাঠামোয় ১২ সেকেন্ড ও বাইরের কাঠামোয় ২০ সেকেন্ড রেকর্ড ব্রেকিং গতিতে আবর্তিত হয়। এটা পৃথিবীর দ্রুততম ত্রি-অক্ষ সিস্টেম।
অন্যদিকে কারি ভুতিলাইন ঘড়িটিকে অত্যাশ্চর্য নান্দনিকতায় পরিপূর্ণ করার দক্ষতা দেখিয়েছেন, যার মধ্যে আছে ঘড়িটির মুভমেন্ট। এছাড়া তিনি ঘড়িটির প্লেটে গিলোস প্যাটার্ন এবং অফ-সেন্টার ওয়াচ ডায়াল তৈরি করেছেন। হালকা নীল রঙের গিলোস ডায়ালের এ ঘড়ির দাম ধরা হয়েছে ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সীমাবদ্ধ সংস্করণে প্লাটিনামের এ ঘড়ি মাত্র ৩৩ পিস তৈরি করা হয়েছে।
এছাড়া খুচরা বিক্রেতা দি আওয়ার গ্লাসের জন্য নীল রঙের গিলোস ডায়ালযুক্ত পাঁচটি এবং অ্যাভেনচারিন ডায়ালযুক্ত পাঁচটি ঘড়ি তৈরি করা হয়েছে।
সূত্র: লাক্সারি লঞ্চেস





