চিরচেনা সাজে সবচেয়ে বড় আবেদন তৈরি করতে পারে গহনা। প্রাচীনকাল থেকেই সাজগোজের অন্যতম অনুষঙ্গ হিসেবে গহনাকে প্রাধান্য দেয়া হয়। বিয়েশাদি, আচার-অনুষ্ঠান, পূজা-পার্বণ যেখানেই পা বাড়ানো হোক না কেন, সাজে গহনা থাকবেই। জুয়েলারি আজকাল আনুষঙ্গিক পোশাকগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২০-এর বিশ্বে জুয়েলারি ব্র্যান্ডগুলো এমন কিছু উত্কৃষ্ট মাস্টারপিস তৈরি করেছে, যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। বিশ্বের সবচেয়ে লাক্সারি গহনা প্রস্তুতকারক ব্র্যান্ড এবং তাদের অমর সৃষ্টি নিয়ে আজকের তুলনামূলক বিশ্লেষণ...

হ্যারি উইনস্টন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড হ্যারি উইনস্টন। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ৫টি ব্যয়বহুল ও বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ডের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে এটি। যাদের হীরা বা মহামূল্যবান গহনার বিষয়ে দুর্বলতা রয়েছে, তাদের অবশ্যই হ্যারি উইনস্টন সম্পর্কে জানা উচিত। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত এ ব্র্যান্ডের অমর একটি সৃষ্টি হলো ১৯ ক্যারেটের পিংক ডায়মন্ড টুকরো। রিংটির দাম ৫০ দশমিক ৩ মিলিয়ন ডলার।

উইনস্টনের অন্যতম সেরা রত্ন ‘হোপ ডায়মন্ড’ ভারতে তৈরির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা রাজকীয় চতুর্দশ লুই ও চতুর্থ জর্জ থেকে শুরু করে ধনী ব্যবসায়ী থমাস হোপ, পিয়ের কার্তিয়ের, সোসালাইট ইভালিন, ওয়ালশ ম্যাকলিন ও হ্যারি উইনস্টন পর্যন্ত সবার শরীরেই শোভিত হয়েছে। সবশেষে হ্যারি উইনস্টন ১০ বছর ব্যবহারের পর ১৯৫৮ সালে এটাকে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে দান করে দেন।

প্রতি বছর হলিউড অভিনেত্রীরা অস্কারের রেড কার্পেটে নিজেদের উপস্থিতি জানান দিতে হ্যারি উইনস্টনের দামি মাস্টারপিসগুলো ভাড়া নেন। এটা বিস্তৃতভাবে বিশ্বাস করা হয় যে কেবল সেরা, সর্বশেষ মানের ও বিরল পাথরগুলোই হ্যারি উইনস্টন গহনার জন্য ব্যবহূত হয়। ঐতিহাসিক কিছু গহনা ও হীরার মাস্টারপিসগুলোর জন্য হ্যারি উইনস্টন ব্র্যান্ড আগামী কয়েক বছর হীরার জগতে রাজত্ব চালিয়ে যেতে পারবে।

 

কার্তিয়ের

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারিসের ব্র্যান্ড কার্তিয়ের। ১৮৪৭ লুই-ফ্রেঞ্চোইস কার্তিয়েরের হাতে প্রতিষ্ঠিত এ ব্র্যান্ড গহনা ও ঘড়ির জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাদের বিখ্যাত একটি সৃষ্টি হলো ‘কার্তিয়ের ডায়মন্ড ইমারল্ড রিং’। হীরা ও পান্না দিয়ে তৈরি এ আংটির দাম ৬ দশমিক ২ মিলিয়ন ডলার।

বিশ্বের বড় নিলামগুলোয় ব্যয়বহুল ও অভিজাত গহনাগুলো তুলে ধরতে কার্তিয়ের ব্র্যান্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। ঐতিহাসিক নিলামগুলোয় অমূল্য রাজকীয় রত্ন তুলে ধরতে এ সংস্থাটির জুড়ি নেই। সংস্থাটির আরেকটি বিখ্যাত সৃষ্টি হলো ৬ দশমিক ৫ ইঞ্চি হীরা, যা ৭০ লাখ ডলারের বিনিময়ে বিক্রি হয়েছিল। এছাড়া ১৯৪০-এর দশকে ওয়ালিস সিম্পসনের নির্মিত চিতাবাঘ আকৃতির একটি ব্রোচ রয়েছে, যা ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পেয়েছে। কার্তিয়েরের গহনাগুলো এখনো গত শতাব্দীর আর্ট ডেকো উপাদানগুলো দিয়ে তৈরি করা হলেও সেগুলো আধুনিক স্বাদের আবেদন ধরে রেখেছে।


ভ্যান ক্লিফ আরপেলস

লাক্সারি জুয়েলারির জগতে নাম করা একটি ব্র্যান্ড ফ্রান্সের ভ্যান ক্লিফ আরপেলস। ১৮৯৬ সালে অ্যালফ্রেড ভ্যান ক্লিফ ও তার চাচা সলোমন আরপেলসের হাত ধরে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ব্র্যান্ডটির বিখ্যাত একটি সৃষ্টি হলো সক্রেট কানের দুল। দুলটির দাম ৬৬ হাজার ডলার।

লাক্সারি গহনার এ ব্র্যান্ডটি আধুনিক নকশা ও শৈলীর পাশাপাশি তাদের দুর্দান্ত টুকরোগুলোয় পুরনো বিশ্বের কমনীয়তা বজায় রাখে। মূল্যবান পাথর ব্যবহার ও গ্রাউন্ডব্রেকিং রত্ন স্থাপন প্রযুক্তির জন্য গহনা প্রস্তুতকারক সংস্থাটি ব্যাপকভাবে পরিচিত।

 

বুচেলাটি

ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুচেলাটি তাদের স্বর্ণের অলংকারগুলোর অনবদ্য মানের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। বুচেলাটি পরিবার ১৯১৯ সালে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। তাদের অমর সৃষ্টি হলো ১৮ ক্যারেট ওজনের হলুদ ও সাদা স্বর্ণ, মুক্তো ও হীরার তৈরি একটি গলার হার। নেকলেসটির দাম ১ লাখ ৯৫ হাজার ডলার। গহনা তৈরিতে তারা রোমান নকশা ও শৈলী মেনে চলে। এজন্য তাদের গহনাগুলো সহজেই চিহ্নিত করা যায়। ব্র্যান্ডটি তাদের মাস্টার টুকরোগুলোয় খোদাইয়ের মাধ্যমে এমনভাবে নকশা করে, যেন দূর থেকে দেখতে কোমল দেখায়। রৌপ্য ও স্বর্ণের মিশ্রণ এবং উজ্জ্বলতা বাড়াতে ব্র্যান্ডটি ব্রাশিং ব্যবস্থার জন্য খ্যাতিমান।

 

টিফানি অ্যান্ড কো

লাক্সারি জুয়েলারির দুনিয়ায় আরেকটি বিখ্যাত নাম নিউইয়র্কভিত্তিক টিফানি অ্যান্ড কো। ১৮৩৭ সালে চার্লস লুইস টিফানি ও জন বি ইয়াংয়ের হাত ধরে গহনা প্রস্তুতকারক এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তাদের বিখ্যাত সৃষ্টির একটি হলো ‘টিফানি কবলস্টোন নেকলেস’। গলার এ হারের দাম ১ লাখ ৩৮ হাজার ডলার।

টিফানির রত্নগুলো কেবল আমেরিকা মহাদেশেই নয়, এটা এখন এশিয়াতেও ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। অবশ্য বিশ্বব্যাপী জনপ্রিয়তার জন্য তাদের দ্য গ্রেট গ্যাটসবি চলচ্চিত্রটিকে ধন্যবাদ দেয়া উচিত। তাছাড়া প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই হীরার গহনা, স্টার্লিং সিলভার ও ঘড়ির চিত্তাকর্ষক নকশার জন্য টিফানি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। তাদের হীরার গহনায় কালজয়ী নকশাশৈলী অভিজাত শ্রেণীর কাছে বিশেষ আবেদন তৈরি করতে পারে।

 

সূত্র: প্যাশানবাজ