প্লাস্টিকের পণ্য আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে জীবনটাই প্লাস্টিকনির্ভর। কয়েক দশক ধরে আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে প্লাস্টিক জাড়িয়ে গেছে, যার ফলস্বরূপ বর্তমানে পরিবেশে প্লাস্টিক দূষণ একটি মারাত্মক সমস্যার কারণ। পরিবেশ সচেতনতা থেকে বহির্বিশ্বের অনেক রেস্তোরাঁই প্লাস্টিক স্ট্রকে না বলতে শুরু করেছে। কোনো কোনো রেস্তোরাঁয় এরই মধ্যে ব্যবহার শুরু হয়েছে কাগজের স্ট্র।

কফি কাপের মতো স্ট্রর বেলায়ও প্রাধান্য দেয়া হচ্ছে পুনরায় ব্যবহার উপযোগিতার বিষয়টি। আর তাই স্টেইনলেস স্টিলের স্ট্র দিনকে দিন পাচ্ছে জনপ্রিয়তা। বর্তমানে অভিজাত ব্র্যান্ডগুলোও নজর দিচ্ছে পরিবেশের স্বচ্ছতার দিকে। তারা নিয়ে এসেছে পানীয় গ্রহণের এমন সব স্ট্র, যা একই সঙ্গে পরিবেশবান্ধব ও অভিজাত রুচিসম্পন্ন। জেনে নিন এখানে...

 

স্টিফেন ওয়েবস্টারের ‘দ্য লাস্ট স্ট্র’

ব্রিটিশ জুয়েলারি নকশাকার স্টিফেন ওয়েবস্টার তৈরি করেছেন এমনই একটি স্ট্র, যা কিনা তৈরি হয়েছে খাঁটি রুপা দিয়ে। ১৯০ ডলার মূল্যের রুপার এ স্ট্র অ্যান্টিব্যাকটেরিয়াল গুণসম্পন্ন। রুপালি রঙা স্ট্রর গায়ে আড়াআড়ি করে খোদাই করে লেখা রয়েছে “স্টিফেন ওয়েবস্টার’স লাস্ট স্ট্র”। পরিবেশবান্ধব এ স্ট্র অভিজাত রুচিসম্পন্ন মানুষের সেরা পছন্দ হতে পারে। রেস্তোরাঁ বা বাসাবাড়িতে অতিথি আপ্যায়নে এ স্ট্র হতে পারে আভিজাত্যের পরিচায়ক।


টিফানি অ্যান্ড কোম্পানির রোজগোল্ড সিলভার ক্রেজি স্ট্র

রোজগোল্ড যদি হয় অপনার প্রিয়, তবে খাঁটি রুপার ওপর রোজগোল্ডের প্রলেপ দেয়া এ স্ট্র হতে পারে আপনার পানীয় পানের সঙ্গী। এমন একটি স্ট্র পেতে হলে খরচ করতে হবে ৩৫০ ডলার। বলে রাখা ভালো, অভিজাত এ ব্র্যান্ড নিয়ে এসেছে খাঁটি রুপায় তৈরি আরো একটি স্ট্র, যার ওপরের দিককার বাঁকানো অংশে বসানো রয়েছে রুপার লেডিবাগ। লেডিবাগ স্ট্র হিসেবে পরিচিত এ স্ট্র কিনতে হলে খরচ হবে ৪২৫ ডলার।

 

ইটিং টুলসের টাইটেনিয়াম স্ট্র

নিউইয়র্কভিত্তিক অনলাইন শপ ইটিং টুলস হস্তনির্মিত খাবার সরঞ্জাম সরবরাহ করে। ধাতব ফিনিশিং দেয়া তাদের টাইটেনিয়াম স্ট্রর দাম ২৬ ডলার। মিল্কশেক ও স্মুদির মতো একটু ঘন পানীয় পানের জন্য উপযোগী ইটিং টুলসের টাইটেনিয়াম স্ট্র। আধুনিক মানুষের রুচিশীল পছন্দ হতে পারে এ টাইটেনিয়াম স্ট্র।

 

সূত্র: লাক্সারি লঞ্চেস