দেশের অবকাঠামো ও নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতায় দুই দশক ধরে বিনিয়োগ করে আসছে ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’ (ইডকল)। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। দেশে বেসরকারি জ্বালানি খাতের সবচেয়ে বড় বিনিয়োগ এখন ইডকলের। জন্মলগ্নে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াটের বেসরকারি একটি বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি। এরপর ২০০৩ সালে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সংস্থাটি সোলার হোম সিস্টেম চালু করে। সৌরবিদ্যুতের মাধ্যমে গ্রামকে আলোকিত করার এ পরিকল্পনা সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে প্রতিষ্ঠানটি গ্রিন ক্লাইমেট, রুফটপ সোলার, কুকিং স্টোভস, এনার্জি এফিশিয়েন্সিসহ নানা খাত নিয়ে কাজ করছে। 

ইডকলের বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণ, সিমেন্ট ফ্যাক্টরি, অর্থনৈতিক অঞ্চল, সোলার হোম সিস্টেম, কুকিং স্টোভস, এলএনজি টার্মিনাল, হাইওয়ে, বায়োমাস ও বায়োফার্টিলাইজার, সোলার ইরিগেশন, ব্যাটারি রিসাইক্লিংসহ ২১টিরও বেশি প্রকল্পে বিনিয়োগ রয়েছে।

সংস্থাটির হিসাব বলছে, ইডকলের অবকাঠামোতে অর্থায়ন ৩ হাজার ৭৮৮ কোটি টাকা, যৌথ অংশীদারত্বে বিনিয়োগ রয়েছে ২ হাজার ৮০ কোটি টাকা এবং নবায়নযোগ্য খাতের গবেষণা, টেকনোলজিতে বিনিয়োগ রয়েছে ৯৭৪ কোটি টাকা। সব মিলিয়ে ইডকলের বিনিয়োগের পরিমাণ মোট ৮ হাজার ২৯১ কোটি টাকা।