আপনাদের ব্যাংকের ক্রেডিট কার্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কী?

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ক্রেডিট কার্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এটি শরিয়াহ কমপ্লায়েন্স কার্ড, যার সিঙ্গে বিনামূল্যে সম্পূরক কার্ড দেয়া হয়। এ কার্ডে গ্রাহকরা ৪৯ দিন পর্যন্ত মুনাফা ফ্রি সময় উপভোগ করতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করলে গ্রাহককে মুনাফা দিতে হয় না। আবার প্লাটিনাম কার্ডধারীদের বিনামূল্যে প্রায়োরিটি পাস কার্ড দেয়া হয়, যার মাধ্যমে গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা ভিআইপি লাউঞ্জে এবং বিশ্বব্যাপী নির্ধারিত লাউঞ্জে প্রবেশের সুবিধা বিনামূল্যে উপভোগ করতে পারেন। এসআইবিএলের ক্রেডিট কার্ড ইএমভি চিপভিত্তিক এবং পিন সক্রিয় হওয়ায় অত্যন্ত সুরক্ষিত। 

দেশের জনসংখ্যার অনুপাতে ক্রেডিট কার্ডের সংখ্যা খুবই কম। কেন এ বাজার সম্প্রসারণ সম্ভব হচ্ছে না?

মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। প্রযুক্তিনির্ভর সেবা গ্রহণে অভ্যস্ত হচ্ছে। এখন আমরা ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছি। বাংলাদেশ আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে ক্রেডিট কার্ডের প্রচার ও প্রসার শহরকেন্দ্রিক হয়ে আছে। কার্ডের সুযোগ-সুবিধা এবং ব্যবহারের উপযোগিতা দেশব্যাপী পৌঁছে দেয়া গেলে বাজার সম্প্রসারণ করা সম্ভব হবে। তবে কার্ডের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে গ্রাহকের ট্যাক্স রিটার্ন কপি জমা দেয়ার বাধ্যবাধকতা। বিষয়টি কিছুটা ছাড় দিতে পারলে বাজার সম্প্রসারণ সহজ হবে।

গ্রাহকদের জন্য আপনাদের কী কী ক্রেডিট কার্ড রয়েছে, এগুলোর জনপ্রিয়তা কেমন?

সোশ্যাল ইসলামী ব্যাংকে বর্তমানে পাঁচ ধরনের ক্রেডিট কার্ড আছে। এগুলো হলো ভিসা লোকাল ক্ল্যাসিক, ভিসা লোকাল গোল্ড, ভিসা ডুয়াল ক্ল্যাসিক, ভিসা ডুয়াল গোল্ড ও ভিসা ডুয়াল প্লাটিনাম। তাছাড়া হজযাত্রীদের জন্য আমরা দিচ্ছি হজকার্ড। 

শরিয়াহ নীতিমালা অনুসরণ করায় এবং সুদমুক্ত কার্ড হওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। গ্রাহক আমাদের ব্যবসায়িক পার্টনার। আমরা তাদের আরো সুবিধা দেয়ার চেষ্টা করছি।

আপনাদের ক্রেডিট কার্ড কেন গ্রাহক ব্যবহার করবেন? 

অন্যান্য ব্যাংকের তুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের ওপর আরোপিত মুনাফা, ফি ও অন্যান্য চার্জ অনেক কম। আমাদের কার্ডে কোনো হিডেন চার্জ নেই। গ্রাহক দেশের প্রতিটি এটিএম থেকে কম খরচে ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে পারেন। দেশের পাশাপাশি বিদেশেও এটিএম থেকে নগদ টাকা তোলার সুবিধা পাওয়া যায়। সর্বপ্রকার পস মেশিনে এসআইবিএলের কার্ড ব্যবহার করা যায়। এছাড়া আমাদের কার্ডের অনন্য বৈশিষ্ট্য হলো নমনীয় পেমেন্ট সুবিধা, নির্বাচিত মার্চেন্ট আউটলেটে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা, ব্যালান্স ট্রান্সফার সুবিধা, নির্বাচিত মার্চেন্ট আউটলেটে ২৪ মাস পর্যন্ত মুনাফাবিহীন কিস্তি সুবিধা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইএমআই, রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে বার্ষিক ফিতে ৫০ বা ১০০ শতাংশ মওকুফ করার সুবিধা, দেশে ও বিদেশে ই-কমার্স লেনদেন ইত্যাদি সুবিধা পাওয়া যায়। আর ই-কমার্স লেনদেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন (টুএফএ) দিয়ে সুরক্ষিত।

রমজান ও ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য কী ধরনের অফার দিচ্ছেন? 

রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে মিলছে ইএমআই, ডিসকাউন্ট ও মুনাফাবিহীন কিস্তি সুবিধার মাধ্যমে বিভিন্ন পণ্য কিনে ঘর সাজানোর সুযোগ। পাশাপাশি শপিং মল, হোটেল ও রেস্তোরাঁয় বাই ওয়ান গেট ওয়ানের বিভিন্ন সুবিধাও দিচ্ছি আমরা। 

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মানুষ এখন ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা অনুভব করছে অনেক বেশি। এ সুযোগকে কাজে লাগাতে কী ধরনের পরিকল্পনা করা যেতে পারে বলে আপনি মনে করেন?

আসলে লেনদেনের ধরন ও ধারণা দুটিই পাল্টাচ্ছে। বিদেশ ভ্রমণে কার্ড আবশ্যকীয় হয়ে পড়ছে। হোটেল বুকিং পেমেন্ট, ক্রয়-বিক্রয়—সব ক্ষেত্রেই কার্ড অগ্রাধিকার পাচ্ছে। ভ্রমণ নির্মল করতে বিমানবন্দরে নিজস্ব লাউঞ্জ সুবিধা পেতে কার্ডধারী হতে হয়। আমরাও বিমানবন্দরের নিজস্ব লাউঞ্জ স্থাপনের চেষ্টা করছি। এক্সচেঞ্জ রেট সহনীয় মাত্রায় রাখা যেতে পারে। ভ্রমণবীমা সেবা সংযোজন করা যেতে পারে। বেশি বেশি প্রায়োরিটি পাস ইস্যু করা এবং তার উপকারিতা সম্পর্কে কার্ডহোল্ডারদের সচেতন করতে হবে।