বিকাশ অ্যাপে এখন ভিসা কার্ড দিয়েও পেমেন্ট করা যাচ্ছে সরাসরি। ফলে, বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও, ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করতে পারছেন গ্রাহকরা। ডিজিটাল পেমেন্টকে আরো সহজ, ঝামেলাহীন ও নিরাপদ করতেই এই সুবিধা যুক্ত হলো বিকাশ অ্যাপে। এই ধরনের উদ্ভাবনী সেবা দেশে স্মার্ট অর্থনীতি বাস্তবায়নের পথে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার প্রয়াস। এভাবেই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে তাদের দৈনন্দিন লেনদেনে আরো সক্ষমতা ও স্বাধীনতা এনে দিতে পারে।
অনেক গ্রাহকই বিভিন্ন পণ্য এবং সেবা কিনে বিভিন্ন দোকানে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে পারেন না সেখানে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন না থাকায়। তবে এই ধরনের ছোট দোকান থেকে শুরু করে সুপারশপ, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে রয়েছে বিকাশ-এর কিউআর, যার মাধ্যমে নিরাপদে ক্যাশলেস লেনদেন করতে পারছেন বিকাশ ৭ কোটি ৫০ লাখ গ্রাহক। এই গ্রাহকরা এখন আরো সহজে তাদের ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড বিকাশ অ্যাপে সংযুক্ত করে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে করে তুলতে পারছেন আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তারাও ব্যয়সাপেক্ষ পিওএস মেশিন না বসিয়েও বিকাশের কিউআর-এর মাধ্যমে গ্রহণ করতে পারছেন ভিসা কার্ডের পেমেন্ট।
ভিসা কার্ড দিয়ে সরাসরি বিকাশ পেমেন্ট করার প্রক্রিয়া:
বিকাশ অ্যাপে পেমেন্ট অপশনে গিয়ে মার্চেন্ট নাম্বার টাইপ করে অথবা কিউআর স্ক্যান করে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। এরপর বিকাশ অ্যাপে সেভ করা ভিসা কার্ড বাছাই করে ব্যাংক থেকে এসএমএস অথবা ই-মেইলে আসা ওটিপি দিয়ে পেমেন্ট করতে হবে। যদি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে একাধিক কার্ড সেভ করা থাকে, তবে গ্রাহক একটি কার্ডকে ডিফল্ট হিসেবে বেছে নিতে পারবেন। বিকাশ-এ অ্যাড মানি অথবা পেমেন্ট করার সময় এই কার্ডটি সবসময় সামনে দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী গ্রাহক ডিফল্ট কার্ড পরিবর্তনও করতে পারবেন।,
আর বিকাশ অ্যাপে যদি কার্ড সেভ করা না থাকে তবে পেমেন্টের সময় ভিসা কার্ড বাছাই করে কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ, কার্ড-হোল্ডারের নাম এবং কার্ডের পেছনে থাকা সিভিভি/সিভিসি/সিভিএন নাম্বার দিয়ে পরের ধাপে যেতে হবে। এরপর, ব্যাংক থেকে এসএমএস অথবা ই-মেইলে আসা ওটিপি দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। পরবর্তীতে মাত্র কয়েক ট্যাপে পেমেন্ট করার জন্য “ভবিষ্যৎ লেনদেনের জন্য কার্ডের তথ্য সেভ করুন” বাটনটি ট্যাপ করে কার্ডটি সেভ করা যাবে।
বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। বর্তমানে বিকাশের নেটওয়ার্কে যুক্ত রয়েছে ৪৬টি বাণিজ্যিক ব্যাংক। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েব ঠিকানায় -- https://www.bkash.com/products-services/payment/payment-through-visa-card. আর বিকাশ অ্যাপে ভিসা কার্ড থেকে সরাসরি পেমেন্টের অপশনটি দেখা না গেলে, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল প্লে অথবা আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করে নিতে হবে।





