‘এলেন, দেখলেন এবং জয় করলেন’— এমন উপমা যেন মাশরাফির সঙ্গে খুব মিলে যায়। বিপিএলের প্রথম আসরে যার দল পাওয়া নিয়েই সংশয়, সেই মাশরাফিই কিনা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সফলতম অধিনায়ক! প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরস, আর গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চ্যাম্পিয়ন করে টানা তিন আসরে বিপিএল শিরোপা হাতে তুলে নেয়ার একমাত্র গর্বিত অধিনায়ক মাশরাফি।

২০০১ সালের ৮ নভেম্বর, বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন মাশরাফি। সেই শুরু, এর পর কেটে গেছে প্রায় ১৫ বছর। সেদিনের সেই বিস্ময়বালক আজ বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক। মাইলফলকে পা দেয়ার আগে জানালেন, যত দিন জয়ের ক্ষুধা থাকবে তত দিনই চালিয়ে যাবেন খেলা।

এদিকে আজ থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ কিস্তিতে টাইগার দলপতির সামনে ‘টেট্রা’ শিরোপা জয়ের মাহেন্দ্রক্ষণ। ম্যাশের নেতৃত্বে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভিক্টোরিয়ানসের। তাতে কী ফর্মুলা ব্যবহার করবেন ম্যাশ? এমন প্রশ্নের বিপরীতে চিরায়ত স্বভাব অনুসারে তিনি উড়িয়ে দিলেন সব কথা। বলেন, ‘ফর্মুলা বলেন আর থিওরি, আমি মনে করি এটা ভুল। ওসবে কিছু হয় না, প্রতিটি খেলোয়াড়কে তার নিজের খেলা খেলতে হয়। একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে ভালো তো খেলতেই হয়, তার পাশাপাশি আবার ভাগ্যও দরকার হয়। চ্যাম্পিয়নশিপের কথা বলা কঠিন। আমরা কেবল দল হিসেবে ভালো খেলতে পারি। সেই চেষ্টাই আমাদের করতে হবে।’