দুজনেই টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলতে চষে বেড়াচ্ছেন গোটা বিশ্ব। বলা হচ্ছে ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির কথা। বিপিএলের চতুর্থ আসরে মাঠ মাতাবেন মারকাটারি ব্যাটিংয়ের এ দুই সারথি। পাঁচ ম্যাচের জন্য চট্টগ্রাম ভাইকিংসে নাম লিখিয়েছেন গেইল। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি। তারাসহ মোট ৩১ বিদেশী ক্রিকেটার খেলবেন এবারের বিপিএলে।
আইপিএলে বঞ্চিত হওয়ায় উপমহাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লিগে পাকিস্তানি ক্রিকেটারদের বেশ বড় বাজার এখন বাংলাদেশ। বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি দলে ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারের যোগদান তাই মোটেও অবাক করার মতো বিষয় নয়। যদিও বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে বিপিএলে আগের আসরগুলোয় পাকিস্তানি খেলোয়াড়দের যোগদান নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এ যাত্রায় পরিস্থিতি ভিন্ন। কোনো সমালোচনা নেই, বরং তাদের খেলাটাই প্রাধান্য পাচ্ছে সবচেয়ে বেশি। পিসিবি জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা ১৫ থেকে ১৮-তে উন্নীত হতে পারে।
ইংল্যান্ড থেকে এবার মোট সাত ক্রিকেটার অংশ নিচ্ছেন বিপিএলে। তবে নিরাপত্তার শঙ্কায় এর আগে ইংলিশ ক্রিকেটারদের বিপিএলে অংশ না নেয়ার পরামর্শ দিয়েছিল ইংলিশ প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ইংলিশ কাউন্টি দল গু্লস্টারশায়ারের অলরাউন্ডার বেনি হাওয়েল বিপিএলকে দেখছেন সুযোগ হিসেবে। তার মতে, টুর্নামেন্টটি ধীরে ধীরে পাদপ্রদীপের আলোয় উঠে আসছে। নিজের ক্যারিয়ারের জন্য বিপিএলকে তাই দারুণ সুযোগ হিসেবে দেখছেন হাওয়েল। পাশাপাশি এবারের আসরে অংশ নিচ্ছেন আরো ছয় ইংলিশ ক্রিকেটার— রবি বোপারা, টাইমাল মিলস, রিকি ওয়েসেলস, সমিত প্যাটেল, জশুয়া কব ও রিচার্ড গ্লিসন। ঢাকা ডায়নামাইটসে যোগ দেয়া রবি বোপারা বেশ আগে থেকেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরিচিত ভিনদেশী মুখ। ইংল্যান্ডের হয়ে ৩৮ টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতালব্ধ বোপারা এর আগে চিটাগং কিংসের হয়ে খেলেছেন। টাইমাল মিলস ও জশুয়া কব ইংলিশ কাউন্টি ক্রিকেটে টি২০ টুর্নামেন্টের অভিজ্ঞতাপুষ্ট হওয়ায় তাদের ঘিরে আশাটা বেশ বড় ফ্র্যাঞ্চাইজিদের।
শ্রীলংকা থেকে নাম লিখিয়েছেন মোট সাত ক্রিকেটার। এদের মধ্যে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা সবচেয়ে বড় আকর্ষণ। লংকান ক্রিকেটের এ দুই কিংবদন্তি খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এছাড়া দিলশান মুনাবিরা বরিশাল বুলসে, কুমিল্লা ভিক্টোরিয়ানসে নুয়ান কুলাসেকারা ও থিসারা পেরেরা, চট্টগ্রাম ভাইকিংসে চতুরঙ্গ ডি সিলভা ও রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন দাসুন শানকা।
টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজ থেকে গেইলের পাশাপাশি ড্যারেন স্যামিও খেলবেন বিপিএলের চলতি আসরে। স্যামির দল রাজশাহী কিংস। চিটাগং ভাইকিংসে ডোয়াইন স্মিথকে সতীর্থ হিসেবে পাচ্ছেন গেইল। দুজনের চিটাগংয়ের ইনিংস শুরু করার সম্ভাবনা বেশি। ঢাকা ডায়নামাইটসে তিন ওয়েস্ট ইন্ডিয়ান— আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও এভন লুইস। এদের মধ্যে রাসেল ও ব্রাভোর টি২০ সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন চলে না। নিজের দিনে যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতানোর সামর্থ্য রয়েছে এ দুই ক্রিকেটারের।






