দেশের প্রথম মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল আগামীকাল শুরু হলেও আপাতত উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ১০ সেট ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হবে। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হতে আরো অন্তত এক বছর সময় লাগার কথা জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা। যতদিন মতিঝিল পর্যন্ত মেট্রো চালু না হচ্ছে, ততদিন যাত্রীদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাসে করে মতিঝিল পর্যন্ত পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে সংস্থাটি। এজন্য প্রস্তুত রাখা হয়েছে ৫০টি বাস।

উত্তরা থেকে ফার্মগেট, মতিঝিল ও কমলাপুর পর্যন্ত যেসব যাত্রী রয়েছে, তাদের জন্য বিআরটিসির শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। যেসব যাত্রী উত্তরা থেকে ফার্মগেট, মতিঝিল বা কমলাপুরের মতো গন্তব্যে যাবে, তারা আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করবে। এরপর তাদের শাটল বাসে করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়া হবে। যাত্রীদের এ সুবিধা দেয়ার জন্য এরই মধ্যে বিআরটিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএমটিসিএল। ২০২৩ সালের ডিসেম্বরে যখন মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হয়ে যাবে, তখন বিআরটিসির এ শাটল সেবা উঠিয়ে দেয়ার কথা জানিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তারা।


মেট্রোরেলের যাত্রীদের সেবা দেয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রাখার কথা জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। বণিক বার্তাকে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে নতুন নামে নতুন রুটে চলবে এসব বাস। আগারগাঁও থেকে মতিঝিল আর দিয়াবাড়ী থেকে উত্তরা চক্রাকারে চলবে এই মেট্রো শাটল বাসগুলো। আপাতত পরীক্ষামূলকভাবে ৫০টি বাস দিয়ে শুরু করা হচ্ছে। যাত্রীসংখ্যা বিবেচনায় পরে তা বাড়ানোও হতে পারে। ২৯ ডিসেম্বর থেকে এ বাস চলবে মেট্রোরেলের সঙ্গে সমন্বয় করে। শাটল বাসের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা ডিপো। সেখানে একসঙ্গে ১০টি গাড়ি রাখা যাবে। চুক্তির আওতায় আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে মতিঝিল ও কমলাপুর পর্যন্ত বাসগুলো নির্দিষ্ট সময় পরপর চলবে। ফলে মেট্রো থেকে নেমে যাত্রীদের পরিবহনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।

পরিকল্পনা অনুযায়ী, আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত একটি সার্কুলার রুট হবে। এটি কারওয়ান বাজার থেকে ঘুরে আবার আগারগাঁওয়ে ফিরে আসবে। আবার আগারগাঁও থেকে সরাসরি মতিঝিল হয়ে কমলাপুর বা মতিঝিল পর্যন্ত রাখার পরিকল্পনা রয়েছে। আরেকটা রুট আগারগাঁও থেকে মহাখালী পর্যন্ত।