অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেছেন গতকাল। এটি দেশের ৫৪তম বাজেট এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালে দেশের প্রথম বাজেট পেশ করেন। দেশের প্রথম বাজেট ছিল ছোট আকারের। ৫৪ বছরের ব্যবধানে সে বাজেটের কলেবর বড় হয়েছে। এছাড়া এবার দেশের ইতিহাসে প্রথমবার গণ-অভ্যুত্থান-পরবর্তী কোনো সরকার বাজেট প্রস্তাব করল। এখানে ক্রমানুসারে বাংলাদেশের ৫৩টি জাতীয় বাজেট এক নজরে তুলে ধরা হলো। এখানে বাজেটের আকার ও এডিপি বরাদ্দ উল্লেখ করা হয়েছে।










