২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৫৫ কোটি টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিবরণী বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার ১ হাজার ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে বর্তমান বাজেটে ২৮৫ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। এছাড়া পরিচালন ব্যয় ৪৫১ কোটি এবং উন্নয়ন ব্যয় ৪০৪ কোটি টাকা ধরা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ৪২০ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৭২০ কোটি টাকা ধরা হয়েছিল। ঘোষিত অর্থবছরে উন্নয়ন ব্যয় ৩১৬ কোটি টাকা কমানো হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের ওপর ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিভিন্ন দেশে গমনেচ্ছুক কর্মীদের বহির্গমন ছাড়পত্রের জন্য সরাসরি আবেদন করতে হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি)। তবে এখন থেকে অনলাইনেই ঘরে বসে আবেদন প্রক্রিয়ার সব কাজ সম্পন্ন করা যাবে।










