স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে (এলজিআরডি) ২০২৫-২৬ অর্থবছরে বাজেট কমেছে ৩ হাজার ১৯ কোটি টাকা। নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে ৪৩ হাজার ৫৩৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বরাদ্দ দেয়া হয়েছিল ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা। তবে অন্তর্বর্তী সরকারের সংশোধিত বাজেটে বরাদ্দ কমে হয় ৪৩ হাজার ৪৬৬ কোটি টাকা।

গতকাল ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার বাজেট প্রস্তাব থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় সরকার বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ কমেছে ২ হাজার ৭৭২ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এ খাতে ৪২ হাজার ৪৩৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৪৫ হাজার ২০৫ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে কমিয়ে স্থানীয় সরকার বিভাগের জন্য ৪২ হাজার ৩৫৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল ৪২ হাজার ৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে ‘পল্লী উন্নয়ন ও সমবায়’ বিভাগেরও। আগামী অর্থবছরে এ বিভাগের জন্য ১ হাজার ১০০ কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছিল ১ হাজার ৩৪৭ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে বরাদ্দ দেয়া হয় ১ হাজার ১০৯ কোটি টাকা।

স্থানীয় সরকার প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করাসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থার আওতায় জনগণকে সেবা দেয়া হচ্ছে। আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন শহরে সড়ক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পয়োনিষ্কাশন ও প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নেয়া হচ্ছে।’

অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘সমগ্র দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপনের কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়া সারা দেশে কমিউনিটি/স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ/রক্ষণাবেক্ষণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’