পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তহবিল হিসেবে আগামী অর্থবছরে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘বিদেশী বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত বিনিয়োগে রূপান্তর করা হবে। এছাড়া দেশের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোয় সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়ন উৎসাহিত করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি।’
প্রস্তাবিত বাজেটের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা জরুরি। তাই বিনিয়োগের পথে বিদ্যমান অন্তরায়গুলো চিহ্নিত করে তা দ্রুততম সময়ে দূর করার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
বিনিয়োগকারীদের দ্রুত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল থেকে বর্তমানে ৪৩টি সংস্থার ১৩৪টি সেবা দেয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ উন্নয়নে একটি সিঙ্গেল প্লাটফর্মে আবেদন, প্রক্রিয়াকরণ ও সেবা প্রদানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) খোলা হয়েছে।’










