দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একমাত্র রূপালী ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা; যার মাধ্যমে প্রায় দুই কোটি গ্রাহক সারা দেশে টাকা পাঠাতে, বিল দিতে, মোবাইল রিচার্জ করতে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন দিতে পারছে।
এছাড়া দেশব্যাপী ১ লাখ ৮০ হাজারেরও বেশি এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন গ্রাহকরা। তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মায়েদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে দিয়ে এ প্রকল্পে ধারাবাহিক সফলতা অর্জন করেছে ব্যাংকটি।
তিন বছর ধরে ‘মায়ের হাসি’ নামে এ মোবাইল ব্যাংকিং প্রকল্পটি পরিচালনা করছে রূপালী ব্যাংক। এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ মায়ের মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে অ্যাকাউন্টগুলোয়। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকায় এ উদ্যোগ নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর উপবৃত্তির টাকা পেতে আগের মতো সংসারের কাজ ফেলে দূরের বিতরণ কেন্দ্রে যেতে হচ্ছে না মায়েদের।
রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা ক্রমান্বয়ে তথ্যপ্রযুক্তিসহ সব কারিগরি সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের সর্ববৃহত্ ডিজিটাল প্রকল্প প্রাথমিক শিক্ষা উপবৃত্তির কার্যক্রমে রূপালী ব্যাংক মুঠোফোনের মাধ্যমে ১ কোটি ২০ লাখ মায়ের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছে। এছাড়া চিনি ও খাদ্য শিল্পের আখচাষীদের আখের মূল্য ও ভর্তুকি প্রদান, মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র নারীদের মাতৃত্বকালীন ভাতা বিতরণ, কৃষকদের আর্থিক প্রণোদনা বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন-ভাতাদি সংগ্রহসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করছে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং।





