নতুন আঙ্গিকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (মোবাইল ব্যাংকিং) ‘টি-ক্যাশ’ চালু করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। টি-ক্যাশের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, নগদ উত্তোলন, জমা দেয়া, অর্থ স্থানান্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ও অন্যান্য ফি জমা দেয়া, সেনা, নৌ এবং বিমান বাহিনীতে নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন ফি দেয়া যাবে। এছাড়া পাসপোর্ট ফি, জাতীয় পরিচয়পত্রের ফি, রেমিট্যান্স ও প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বিতরণ এবং অনলাইন শপিংয়ের মার্চেন্ট পেমেন্ট করা যাবে।

১৯ বছর ধরে ট্রাস্ট ব্যাংক আস্থার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে আট বছর আগে তারাই প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। প্রসঙ্গত, ট্রাস্ট ব্যাংক ২০১০ সালের ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি-টিবিএমএম’ চালু করে। জনগণকে আরো বিস্তৃত সেবা দেয়ার লক্ষ্যে টিবিএমএমকে টি-ক্যাশ নামে পুনরায় চালু করে ব্যাংকটি। এটি এত দিন শুধু ক্যাশ ইন ও আউটের মধ্যে সীমাবদ্ধ ছিল।

টি-ক্যাশ একটি সঞ্চয়ী হিসাব। গ্রাহক এসএমএস, ইউএসডি ও ইন্টারনেটের মাধ্যমে দ্রুত, সহজে ও কম খরচে এ সেবা গ্রহণ করতে পারবেন। ‘টি-ক্যাশ’ সুবিধা দেশের ১০৭টি শাখার ২১০টি বুথ থেকেও গ্রহণ করা যাবে। টি-ক্যাশের সেবা ট্রাস্ট ব্যাংকের সব শাখা এবং দেশব্যাপী বিস্তৃত অনুমোদিত এজেন্ট পয়েন্টে পাওয়া যাবে।