সারা বছর যাই হোক, ঈদে চাঙ্গা হয়ে ওঠে চলচ্চিত্রাঙ্গন। বন্ধুদের নিয়ে দল বেঁধে সিনেমা দেখা ঈদ আনন্দের আরেকটি অনুষঙ্গ। বড় বাজেটের ছবি ঈদে মুক্তি দেয়ার জন্য প্রযোজক পরিচালকরা মুখিয়ে থাকেন। হল মালিকরা সারা বছরের ঘাটতি পুষিয়ে নেন ঈদের দিনগুলোয়। সারা বছর দেশে সর্বসাকুল্যে ৭০-৮০টি সিনেমা হল চালু থাকে। তবে ঈদ বা অন্যান্য উৎসব উপলক্ষে নতুন করে কিছু সিনেমা হল সংস্কার করে চালু করা হয়। কোনো কোনো সময় বিকল্প ব্যবস্থায় অডিটরিয়াম ভাড়া করেও সিনেমা দেখানো হয়। আসন্ন ঈদুল ফিতরেও প্রায় ৩০টি সিনেমা হল মেরামত করে চালু হচ্ছে। সব মিলিয়ে এবার ঈদে ১২০টির মতো সিনেমা হলে ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে প্রায় ১০০টি সিনেমা হলে নতুন মুক্তি পাওয়া ছবি আর বাকি ২০টিতে পুরনো ছবি চালানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

এদিকে ঈদে ডজনখানেক ছবি মুক্তির দৌড়ে থাকলেও কেবল চারটি ছবি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সহকারী সৌমেন রায় বাবু। তিনি বলেন, মুক্তির দৌড়ে অনেক ছবি থাকলেও এখন পর্যন্ত ঈদে মুক্তির জন্য চারটি ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’। চারটির মধ্যে ‘গলুই’, ‘শান’ ও ‘বিদ্রোহী’ এরই মধ্যে প্রায় ১০০টি সিনেমা হল চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে।

এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছবি শাকিব খানের ‘গলুই’ ও সিয়াম আহমেদের ‘শান’। দুটি ছবিতেই নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। ধারণা করা হচ্ছে, দুটি ছবিই ব্যবসায়িকভাবে লাভবান হবে। তবে এখন পর্যন্ত প্রচারের কৌশলে এগিয়ে আছে ‘শান’। সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন ধারার ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম। এ ছবির মাধ্যমে ‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর পর একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

অন্যদিকে শাকিব খান-পূজা চেরির প্রথম সিনেমা ‘গলুই’ ঘিরেও রয়েছে আলোচনা। এ দুই তারকার অনুরাগীরা মুখিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। আবহমান গ্রামবাংলার মিষ্টি কাহিনী দেখিয়েছেন পরিচালক এসএ হক অলিক। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার গান ও টিজার। টিজার খুব একটা সাড়া না ফেললেও সবার ধারণা, নির্মাতা অলিক দারুণ কিছুই নির্মাণ করেছেন।

ঈদে শাকিব খানের আরো একটি ছবি হচ্ছে ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আটকে ছিল বহুদিন ধরেই। অবশেষে মুক্তি পাচ্ছে ঈদে। ছবিতে শাকিবের নায়িকা বুবলী। ঈদে মুক্তির চতুর্থ ছবি হিসেবে মুক্তি পাবে জুয়েল ফারসির ‘বড্ড ভালোবাসি’। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য ও নিপা রোজ।

সিনেমাসংশ্লিষ্টদের দাবি, ঈদে হল দখল ও বক্স অফিস কালেকশনে যুদ্ধ হবে শাকিব-সিয়ামের। গলুই-শানের। মজার বিষয় দুটি সিনেমারই নায়িকা একজন। পূজা চেরি। সে হিসেবে শাকিব-সিয়াম যুদ্ধে পূজা চেরিকে শান্তিরক্ষীর ভূমিকা পালন করতে হবে। পূজা চেরি প্রথম লাইমলাইটে আসেন পোড়ামন-২ সিনেমা দিয়ে। সে সিনেমার নায়ক ছিলেন সিয়াম। সহকারী পরিচালক ছিলেন এম রাহিম। অন্যদিকে বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পূজার প্রথম সিনেমা গলুই। সরকারি অনুদানের সিনেমায়ও প্রথম অভিনয়। ফলে গলুইও পূজার কাছে গুরুত্বপূর্ণ। এ অবস্থায় দুই পক্ষকেই খুব সাবধানে সামাল দিতে হবে বলে মনে করছেন সিনেমা পাড়ার মানুষ। ২৩ এপ্রিল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে সে ঘোষণাই দিলেন পূজা। ভক্তদের উদ্দেশে লেখেন, “আসছে ঈদে ‘গলুই’ এবং ‘শান’ সিনেমা। এখানে আমার বলার কিছু নেই কোনটি হবে সেরা সিনেমা! অবশ্যই জানাবেন কোন সিনেমাটি আপনার চোখে সেরা হবে? আমন্ত্রণ রইল সিনেমা হলে গিয়ে ‘গলুই’ এবং ‘শান’ দেখার জন্য। ধন্যবাদ।”

তবে পূজার ফেসবুক আইডি ও পেজে গেলে মেলে ভিন্ন চিত্র। পর্যালোচনা করে দেখা যায়, গত দেড় সপ্তাহে পূজার আইডি থেকে গলুই নিয়ে দেয়া হয়েছে ১৫টি পোস্ট। গান, টিজার, ট্রেলার, শুটিংয়ের ছবিসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে সিনেমাটির জন্য। অন্যদিকে শান সিনেমায় নিয়ে দেয়া হয়েছে মাত্র একটি পোস্ট। তবে কি সুপারস্টার শাকিব খান আছেন বলে এ গলুইকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পূজা? তাহলে শান্তিরক্ষা ও সমন্বয়ের কাজটা হলো কই? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘জাতিসংঘও ছোট দেশগুলোর তুলনায় প্রভাবশালী দেশগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।’ এ বিষয় নিয়ে কথা বলতে পূজা, এম রাহিম ও সিয়ামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি।

জানা গিয়েছে, ঈদুল ফিতরে মুক্তি নিশ্চিত করা গলুই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এসএ হক অলিক; প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। প্রযোজক খসরু জানান, এরই মধ্যে বেশকিছু সিনেমা হল চূড়ান্ত করা হয়েছে; আরো কয়েকটি হলের সঙ্গে কথাবার্তা চলছে। গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও বাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক। সিনেমা প্রসঙ্গে এর আগে অলিক বলেন, ‘শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন, মন-প্রাণ দিয়ে অভিনয় করেছেন তিনি। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।’

জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন দেশের শীর্ষ নায়ক। ঈদ কাটাতে এখন তিনি দেশের পথে। গলুইয়ের শুটিং শেষ করে শাকিব খান বলেন, “গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনি এ সিনেমার গানগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে বড় পরিসরের সিনেমা। গলুই সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরো অনেকে।”

অন্যদিকে অ্যাকশন ঘরানার সিনেমা বিদ্রোহী মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু করোনার কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। এ ঈদে এটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিদ্রোহী সিনেমার পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমরা দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি বিদ্রোহী দেখতে দর্শক হলে আসবে।’ বিদ্রোহী শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা।

সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত শান সিনেমাটি মুক্তির কথা ছিল গত ৭ জানুয়ারি। মহামারী হানা দেয়ায় মুক্তি স্থগিত করা হয়। তবে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। চলছে হল বুকিংও। শান বানিয়েছেন তরুণ নির্মাতা এম রাহিম। মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিগ বাজেটের ছবি শান। এটি আসলে উৎসবে মুক্তি দেয়ার মতোই সিনেমা। আগে কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এবার সব ঠিক থাকলে ঈদে শান দেখতে পাবেন দর্শক। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান প্রমুখ। শানের নতুন মুক্তির তারিখ ঘোষণার খবরে খুশি সিয়াম। তিনি বলেন, ‘অনেক অ্যাফোর্ট দিয়ে পুরো টিম কাজ করেছি এ সিনেমায়। দর্শকেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখেছি। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়ছিলাম, কবে শান মুক্তি পাবে। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকের উৎসবের আমেজ আরো বাড়িয়ে দেবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শান সিনেমার প্রচারে উঠেপড়ে লেগেছে। শানকে ঈদের সেরা সিনেমা দাবি করে এর পক্ষে কিছু যুক্তিও দিয়েছে এক পোস্টে। তাতে লেখা হয় শান-এর গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে, সেই সঙ্গে আছে ফিকশন। এই ঈদের সবচেয়ে বড় বাজেটের সিনেমা শান। তাদের দাবি, শানের বাজেট সাড়ে ৪ কোটি টাকা। এ সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়েছে বলিউড/হলিউডে ব্যবহূত আরি অ্যালেক্সা ক্যামেরা ও মাস্টার প্রাইম লেন্স। জাজের দাবি শানের ফাইট মাস্টার আব্বাস আলী মোঘল। যাকে বলা হয় বর্তমান সময়ে বলিউডের সেরা ফাইট মাস্টার। যে কিনা বলিউডের মারডার, ওয়েলকাম, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই, এমএস ধোনি, রুস্তম, দি আনটোল্ড স্টোরির মতো সিনেমার ফাইট মাস্টার ছিলেন। শানের নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউডের জায়েস প্রধান। এমন আরো কিছু দিক তুলে ধরে প্রচার চালানো হচ্ছে। এখন দেখা যাক ঈদে শেষ হাসি কে হাসেন? শাকিব খান নাকি সিয়াম আহমেদ। তবে এটা বলা যায়, দুজনের যেই হাসুক, শেষ হাসি হাসবে পূজা চেরিই।