আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য বিশেষ কিছু খাত ও প্রতিষ্ঠানের জন্য থোক বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। নারী উদ্যোক্তা ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা করা ছাড়াও এনজিও ফাউন্ডেশন, পিকেএসএফ ও এসএমই ফাউন্ডেশনের জন্য ৭৯৫ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণায় বলেন, অন্যান্য বছরের মতো এবারো কয়েকটি বিশেষ উদ্দেশ্যে কিছু থোক বরাদ্দ রাখা হয়েছে। নারীদের অগ্রগতির উদ্দেশ্যে ‘নারী উদ্যোক্তা তহবিলে’ ১০০ কোটি টাকা এবং ‘নারী উন্নয়ন বিশেষ তহবিলে’ ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এছাড়া ‘স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে’ গত দুই বছরের মতো এবার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবেলায় ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার কারণে এনজিও ফাউন্ডেশনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) জন্য ২৫০ কোটি ও এসএমই ফাউন্ডেশনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।






