২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৫৩ হাজার ৫৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৫০ হাজার ৪৩২ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছিল ৪৬ হাজার ৭৫৭ কোটি টাকায়।

আকারে বাড়লেও বাজেটে শতাংশের হিসাবে শিক্ষা খাতে বরাদ্দের হার কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ প্রস্তাবিত মোট বাজেটের ১১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দের হার ছিল ১২ দশমিক ৫৮ শতাংশ।

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩০ হাজার ৫৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ৪৬৬ কোটি টাকা। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দের পরিমাণ ৫ হাজার ৭০০ কোটি টাকা। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ৪৬৬ কোটি টাকা।

বাজেট প্রস্তাবনায় ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ১৫ হাজার ১৩২ কোটি টাকা, যা মোট এডিপির প্রায় ৮ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ ছিল ১২ হাজার ৪৮৪ কোটি টাকা, যা ছিল সংশোধিত এডিপির ৮ দশমিক ৪১ শতাংশ। সে হিসাবে আকারে বাড়লেও শতাংশের হিসাবে এ বছর শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ তেমন বাড়েনি।