গণমাধ্যমকর্মী ও পেশার জন্য এ ধরনের একটা জমায়েত খুব গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল। এর আগে আমরা কখনো ঐক্যবদ্ধভাবে সব সংগঠন একসঙ্গে বসেছি বলে মনে পড়ে না। আমাদের মূল সমস্যা হলো আমরা বিভিন্ন রাজনৈতিক মতে চলি, কিন্তু ঐক্যবদ্ধ হতে পারি না। যে পরিপ্রেক্ষিতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি, সে বিষয়ে আমাদের ঐক্য খুব প্রয়োজন। আমরা যদি মালিক, সম্পাদক ও সাংবাদিক—সবাই একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে সাংবাদিক ও সংবাদপত্রের উন্নয়ন সম্ভব। আমাদের সাংবাদিক ইউনিয়নগুলোতে অনেক ভাগ রয়েছে। মালিক পক্ষও বিভিন্ন ভাগে বিভক্ত। গ্রামগঞ্জে অনেক প্রেস ক্লাব ও সাংবাদিক হয়েছে, কিন্তু গুণগত সাংবাদিক আমরা পাচ্ছি না। ফলে বিভিন্ন বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। এ বিষয়গুলোও আমাদের দেখতে হবে।

সামনে কোন সরকার আসবে না আসবে, তা জানি না। তবে আমরা যদি এ বিষয়গুলো নিয়ে না ভাবি, তাহলে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে। বিভিন্ন সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে কিছু রূপও পরিবর্তন হয়। কিন্তু আমাদের বাধা-বিপত্তি থেকেই যায়। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সামনেও হতে হবে। তবে আগামীতে যেন ভালো সাংবাদিক হতে পারি, ভালো সম্পাদক কিংবা মালিক হতে পারি, সে বিষয়ে আমাদের ভাবতে হবে। তবেই হয়তো আমাদের সংবাদপত্রের উন্নয়ন হবে। একই সঙ্গে দেশ ও জাতির উন্নয়ন হবে।