১৯৯৩ সালে গ্রাফিক ডিজাইনের দুই শিক্ষার্থী মার্কুস ও ড্যানিয়েল ফ্রাইটাগ নিজেদের ব্যবহারের জন্য প্রথম ব্যাগ তৈরি করেন পরিত্যক্ত ট্রাকের ত্রিপল, সিটবেল্ট এবং সাইকেলের টিউব ব্যবহার করে। তখন তারা কল্পনাও করেননি, মাত্র এক দশকের মধ্যে তাদের তৈরি ব্যাগ বিশ্বজুড়ে নগর সংস্কৃতির এক পরিচিত প্রতীকে পরিণত হবে। বর্তমানে ফ্রাইটাগ ব্যাগ নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) নকশা সংগ্রহের অংশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে।

2-(1)

হেলভেটিকা: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টাইপফেসগুলোর একটি

স্কাইপ, বিএমডব্লিউ, প্যানাসনিক, হার্লে ডেভিডসন, আমেরিকান অ্যাপারেল ও লুফথানসা এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি মিল রয়েছে। তাদের ভিজুয়াল পরিচয়ে হেলভেটিকা টাইপফেসের একটি সংস্করণ ব্যবহার করা হয়। ১৯৫৭ সালে জুরিখভিত্তিক গ্রাফিক ডিজাইনার ম্যাক্স মিডিঙ্গার এটি তৈরি করেন। বাউহাউস নান্দনিকতায় নির্মিত হেলভেটিকা সুইস টাইপোগ্রাফিক নকশার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। সংযত নকশা ও সহজ পাঠযোগ্যতার কারণে এটি আজও বিভিন্ন দেশের গ্রাফিক ডিজাইনারদের অনুপ্রাণিত করছে। এ টাইপফেস পরিবারের লাইসেন্স ব্যবস্থাপনা করে জার্মান প্রতিষ্ঠান লাইনোটাইপ।

2-(2)

রেক্স পিলার: ছোট আকার, অসাধারণ কার্যকারিতা

১৯৪৭ সালে জুরিখে বাজারে আসার পর রেক্স পিলার রান্নাঘরের সরঞ্জামের জগতে নতুন মাত্রা যোগ করে। ছোট কিন্তু কার্যকর যন্ত্রটির উদ্ভাবক আলফ্রেড নেভেচারজাল, যিনি নিজের গ্যারেজেই এর নকশা তৈরি করেছিলেন। সহজ নকশা ও হাতে ব্যবহারের উপযোগী গঠনের কারণে এটি খুব দ্রুত জনপ্রিয়তা পায়। বাজারে আসার পর থেকে এর নকশায় খুব সামান্য পরিবর্তনই এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশি রেক্স পিলার বিক্রি হয়েছে। মাত্র ২০ গ্রাম ওজন এবং ১ দশমিক ৮০ সুইস ফ্রাঁ মূল্যের এ পণ্য নকশার ইতিহাসে সবচেয়ে হালকা এবং সবচেয়ে সাশ্রয়ী নকশাপণ্যের অন্যতম।

2-(3)

মন্ডেইন: সুইস রেলওয়ের সরকারি ঘড়ি

মন্ডেইন শিল্প নকশার একটি ধ্রুপদি উদাহরণ। সরল, কার্যকর ও সময়নিষ্ঠ। সুইজারল্যান্ডের সব রেলস্টেশনেই এটি ব্যবহার হয়। সময়ের সঙ্গে এটি বিশ্বের বিভিন্ন দেশেও পরিচিতি পেয়েছে। ১৯৪৪ সালে রেলওয়ে কর্মী হান্স হিলফিকার এর নকশা তৈরি করেন। এতে ব্যবহৃত বিশেষ একটি প্রক্রিয়া দেশের বিভিন্ন স্টেশনের স্টেশনমাস্টারদের কাজ সমন্বয় করতে এবং ট্রেন নির্ধারিত সময়ে পরিচালনায় সহায়তা করত। ১৯৮৬ সাল থেকে মন্ডেইন এ ঘড়ি উৎপাদনের লাইসেন্স ধারণ করছে। পরে এর হাতঘড়ি সংস্করণও বাজারে আনে, যা বর্তমানে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা) এ প্রদর্শিত হচ্ছে।

(aboutswitzerland.eda.admin.ch এ প্রকাশিত নিবন্ধের সংক্ষিপ্ত রূপ মূল ইংরেজি থেকে অনূদিত)