ভারতের লোকসভায় পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ইয়াং মুসলিম ইন্টেলেজেনশিয়া’। শনিবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, বিজেপি সরকার কর্তৃক মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও সাংবিধানিক অধিকার হরণের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে যে ওয়াকফ বিল সংশোধনী আইন পাস করা হয়েছে, তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনের মাধ্যমে তা প্রত্যাখ্যান এবং বাতিলের আহ্বান জানাচ্ছে ‘বাংলাদেশ ইয়াং মুসলিম ইন্টেলেজেনশিয়া’।
এতে বলা হয়, বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে প্রসিডিউরাল লেজিটিমেসির মাধ্যমে সংসদীয় পদ্ধতি মেনেই এ বিতর্কিত বিল পাস করলেও তা গণতান্ত্রিক হয়ে যায় না। কারণ তা রাষ্ট্রের সহনাগরিক একটি জনগোষ্ঠীর সংবিধানসম্মত মৌলিক অধিকার হরণ করে। এ বিলকে আইনি প্রক্রিয়ায় বৈধ সাব্যস্ত করা গেলেও কোনোভাবেই ন্যায্য বলা যাবে না, কারণ ভারতের সব মুসলিম কমিউনিটির জোরালো পাবলিক ওপিনিয়নের বিরুদ্ধে গিয়ে ন্যায্যতা ক্লেইম করার জন্য তার নৈতিক ভিত্তি নেই।
সংগঠনটির পক্ষে বিবৃতিদাতারা হলেন মাইজভাণ্ডার দরবার শরীফের শাহজাদা অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, ইসলামি বক্তা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, লেখক ও চিন্তক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান, সংগঠক ইমরান হুসাইন তুষার, লেখক-প্রাবন্ধিক মোহাম্মদ আবু সাঈদ, মুফতি আ ন ম ছাইফুল্লাহ, মাওলানা হাফিজ সাইফুল করিম নাঈম প্রমুখ।










