বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের ঘটনা নিয়ে লেখা বই গুমনামার মোড়ক উন্মোচন করা হয়েছে। একুশে বইমেলায় প্রকাশিত এ বইটি লিখেছেন সাংবাদিক ও লেখক মিঞা মো. নুজহাতুল হাচান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গুম হওয়া পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ এর অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

বইটিতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য কীভাবে হাজারো মানুষকে গুম ও হত্যা করেছে, হাজেরা খাতুন কীভাবে শত প্রতিকূলতার মধ্যেও ‘মায়ের ডাক’ সংগঠনটি গড়ে তুলেছেন এবং পরবর্তী সময়ে সানজিদা ইসলাম তুলি কীভাবে এই সংগঠনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছেন—তা তুলে ধরা হয়েছে।

বই উন্মোচন অনুষ্ঠানে হাজেরা খাতুন বলেন, আমরা আমাদের সন্তানদের আজও ফেরত পেলাম না। আমার ছেলে সুমনও ফেরত আসেনি। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বইটি লেখার জন্য লেখককে ধন্যবাদ জানান।

‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, এ বইটি বাংলাদেশে গুমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। তিনি লেখকের সাহসের প্রশংসা করেন ও গুমের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

বইয়ের লেখক নুজহাতুল হাচান বলেন, গুম বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। এর পুনরাবৃত্তি যেন আর না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, গুম নিয়ে আরো গবেষণা ও লেখালেখির প্রয়োজন রয়েছে। আশা করি এ বিষয়ে সামনে আরো কাজ হবে।

‘গুমনামা’ বইটি আপডেট পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাবে একুশে বইমেলার সহজ প্রকাশনীর ২৭৭ নম্বর স্টলে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।