বাংলা নববর্ষের আনন্দঘন আয়োজনে মেতে উঠলেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশীরা। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে স্থানীয় বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির (বিএসএ-সিএসইউ) উদ্যোগে এক বর্ণিল অনুষ্ঠান হয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিএসইউয়ের ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে এ আয়োজন করা হয়। এদিন গ্রেটার ফোর্ট কলিন্সের বাংলাদেশীরা শাড়ি, পাঞ্জাবি ও রঙিন পোশাক পরে নববর্ষের উৎসবে যোগ দেন। গল্প, আড্ডা, গান-কবিতা আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। সুদূর প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। এরপর বিএসএ-সিএসইউয়ের নবগঠিত কমিটির পরিচয়পর্ব হয়। দুপুরের খাবারে ছিল ভর্তা, মাছ, তরকারি, জিলাপি, পায়েসসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। পরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে কবিতা আবৃত্তি, গান ও নানা পরিবেশনায় অংশ নেন বাংলাদেশীরা। বড়দের পাশাপাশি শিশু-কিশোররাও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
উৎসবের আরেকটি আকর্ষণ ছিল মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ারসহ বাংলাদেশের জনপ্রিয় সব খেলা। এসব খেলায় শিশু-কিশোরদের পাশাপাশি নারী-পুরুষ সবাই অংশ নেন। শুধু ফোর্ট কলিন্স নয়, কলোরাডোর অন্যান্য শহর থেকেও বাংলাদেশীরা এই আয়োজনে যুক্ত হন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএসএ-সিএসইউয়ের সহসভাপতি আব্দুল্লাহ আল ফাত্তাহ তুষার ও সাধারণ সম্পাদক রাকিবুল তালুকদার। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ফাহিম হাসান। আয়োজনে উপস্থিত ছিলেন বিএসএ-সিএসইউয়ের উপদেষ্টা মো. সাফায়েত আরেফিন, এস এম জামিল উদ্দিন, মিফতাহ আহমেদ, জুবায়ের চৌধুরী, ইয়াসমিন আক্তার টুকুন, ময়ূখ রয়, তায়িব আহমেদ, আজমল হোসেন, ফারজানা খানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।










