ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ মায়াজালের মোড়ক উন্মোচন করা হয়েছে। কবি, কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সুমন রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি লেখককে শুভেচ্ছা জানিয়ে ‘মায়াজাল’ বইটি পাঠকের মনে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অমর একুশে বইমেলার সোহরাওয়াদী উদ্যান অংশে সৃজন প্রকাশনীর সামনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক এএফএম মনিরুজ্জামান শিপু, সৈয়দা সাদিয়া মেহজাবিন, মামুন রশিদ, কবি ও প্রকাশক জুননু রাইন, কথাসাহিত্যক ও প্রাবন্ধিক একেএম শামসুদ্দিন, লেখক মইনুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক সফিকুল ইসলাম, কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন প্রমুখ উপস্থিত ছিলেন।
কখনো মানবিক বোধে, কখনো ব্যাঙ্গাত্মক উপায়ে জীবনের নানা ঘটনা, দুঃখ-হাসি-কান্না, সমাজে চলা অনিয়ম-অনাচার গল্পে গল্পে তুলে ধরেছেন লেখক। এ বইয়ের গল্পে প্রচলিত শৃঙ্খল ভেঙে দেয়ার বিদ্রোহের ডাক যেমন দিয়েছেন, আবার শুনিয়েছেন নতুন দিনের আশার কথা। দেওয়ান আতিকুর রহমানের প্রচ্ছদে সৃজন থেকে প্রকাশিত বইটি বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৮৫ নং স্টলে পাওয়া যাচ্ছে।










