অমর একুশে বইমেলার বিশেষ বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা’ প্রবর্তিত বইমেলা সেরা বই পুরস্কার পেয়েছেন ১২ জন লেখক। একই সঙ্গে এবার প্রথমবারের মতো সেরা রিপোর্টার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোস্তফা মতিহার।
শনিবার (২২ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন— আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদা আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন ও ফারজানা ইসলাম।
ইঞ্জিনিয়ার ও লেখক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, কবি ইমরান মাহফুজ ও ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।
মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এ পুরস্কার লেখকদের দায়িত্ববোধ বাড়াবে। বইমেলার খবর তুলে ধরায় সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।
রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, মেধাবীদের হাতেই জিয়াউর রহমান দেশের নেতৃত্ব তুলে দিয়েছিলেন। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। সিপাহি জনতার আন্দোলন ও ২৪-এর অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। তিনি আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র ও টাকা উদ্ধারের দাবি জানান।
দীপান্ত রায়হান বলেন, ভার্চুয়াল জীবনের কারণে বই ও প্রকাশনার আনন্দ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই দূরত্ব যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আবেগ-অনুভূতি প্রকাশে বাধা না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
—বিজ্ঞপ্তি










