কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি ডেল তাদের সেলস টিমে বড় ধরনের পরিবর্তন আনছে। ডেলের বিক্রয় ও মার্কেটিং বিভাগের বেশকিছু কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর লক্ষ্য হলো, প্রতিষ্ঠানকে আরো আধুনিক করে তোলা ও পণ্য বিক্রির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দিকে মনোনিবেশ করা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ৬ আগস্ট একটি অভ্যন্তরীণ বার্তায় কর্মীদের এ পরিবর্তন সম্পর্কে অবহিত করেছিল ডেল। ওই সময় কোম্পানিটি তাদের সেলস টিমে পরিবর্তন আনা ও একটি নতুন এআই-কেন্দ্রিক বিক্রয় ইউনিট তৈরির পরিকল্পনার কথা জানায়।
নিউজবাইট রিপোর্ট বলছে, ডেলের এমন সিদ্ধান্তের কারণে কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন, তার সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে অনুমান করা হয়েছে, এ ছাঁটাইয়ের কারণে ডেলে কর্মরত অন্তত সাড়ে বারো হাজার কর্মী চাকরি হারাবেন, যা বিশ্বজুড়ে তাদের মোট জনবল সংখ্যার ১০ শতাংশ। লেঅফ ট্র্যাকারের তথ্যানুযায়ী, চলতি বছর ফেব্রুয়ারিতে ডেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার। লেঅফ ট্র্যাকার এমন একটি টুল বা ওয়েবসাইট যা বিভিন্ন কোম্পানির ছাঁটাই সম্পর্কিত তথ্য দিয়ে থাকে।










