স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু অসাবধানতাবশত এটি পানিতে ভিজে যাওয়াটা খুব সাধারণ একটি ঘটনা। তবে ফোন ভিজে গেলেই যে তা নষ্ট হয়ে যাবে, তা নয়। দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ফোনকে রক্ষা করা সম্ভব। বিশেষ করে চার্জিং পোর্ট বা চার্জ দেয়ার জায়গা শুকানো সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক সময় মানুষ ভুল ধারণার বশে এমন কিছু করে বসে, যা ফোনের আরো বড় ক্ষতির কারণ হতে পারে। যেমন অনেকে মনে করেন চাল বা ধানের ভেতর ফোন রেখে দিলে তা শুকিয়ে যায়। কিন্তু বাস্তবে চালের দানার ধুলো বা সূক্ষ্ম কণা ফোনের চার্জিং পোর্টে ঢুকে অতিরিক্ত ক্ষতি করতে পারে। আবার কেউ কেউ হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করেন। এটি আরো বিপজ্জনক, কারণ গরম বাতাসে ফোনের ভেতরের ইলেকট্রনিক অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের প্রতিবেদন অনুযায়ী কিছু সহজ ধাপ অনুসরণ করলে ক্ষতি কমানো সম্ভব—
প্রথমেই ফোন বন্ধ করতে হবে
ফোনে পানি ঢুকেছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে সেটটি বন্ধ করে দিতে হবে। এতে ফোন শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। যদি চার্জার বা ইয়ারফোন লাগানো থাকে, তা দ্রুত খুলে ফেলতে হবে। যদি ফোনে ‘ময়েশ্চার ডিটেকশন’ বা আর্দ্রতা শনাক্তের সতর্কবার্তা দেখায়, তবে সেটি অবশ্যই গুরুত্বসহকারে নিতে হবে। এরপর একটি নরম, লিন্ট-ফ্রি বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ আলতোভাবে মুছতে হবে। চার্জিং পোর্টের অংশ পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে, যাতে আরো পানি ভেতরে না ঢোকে।
আলতোভাবে ঝাঁকান
এরপর ফোনটি হালকা করে ঝাঁকাতে হবে বা নিজের হাতের তালুর ওপর আলতোভাবে টোকা দিতে হবে, যাতে পোর্টের ভেতরে জমে থাকা পানি বের হয়ে আসে। খুব জোরে ঝাঁকানো যাবে না, কারণ এতে ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্বাভাবিক বাতাসে শুকানো
তারপর ফোনটিকে কয়েক ঘণ্টা বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিতে হবে। চাইলে ফোনটিকে উল্টো করে দাঁড় করিয়ে রাখা যেতে পারে। এতে চার্জিং পোর্টের পানি দ্রুত বের হয়ে আসে। ইচ্ছা করলে একটি ছোট টেবিল ফ্যানের সামনে রেখে শুকানো যেতে পারে। এতে পানি দ্রুত বাষ্পীভূত হয়।
সিলিকা জেল ব্যবহার
ধান বা চালের বদলে সিলিকা জেল ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাজারে জুতা, ইলেকট্রনিক পণ্য বা ওষুধের বোতলের সঙ্গে প্যাকিং বাক্সে পণ্য সংরক্ষণের জন্য যেসব ছোট প্যাকেট দেয়া হয়, সেগুলোই সিলিকা জেল। ফোনটিকে সিলিকা জেলের কয়েকটি প্যাকেটসহ একটি সিল করা জিপলক ব্যাগে রেখে দিলে তা দ্রুত আর্দ্রতা শুষে নেয়।
চার্জ না নিলে করণীয়
অনেক সময় ফোন শুকিয়ে গেলেও চার্জিং পোর্টে আর্দ্রতার সতর্কতা দেখাতে পারে এবং চার্জ নেয় না। এমন হলে অন্য একটি শুকনা চার্জার কেবল ব্যবহার করে দেখা যেতে পারে। স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হয়, স্যামসাং ফোনে চাইলে সেটিংস থেকে ইউএসবি ক্যাশ ক্লিয়ার করা যায়। এতে চার্জ-সংক্রান্ত সতর্কবার্তা মুছে যায়। এজন্য সেটিংসে গিয়ে অ্যাপস মেনুতে যেয়ে ডানদিকের ওপরের কোনায় থাকা ফিল্টার আইকনে চাপ দিয়ে ‘শো সিস্টেম অ্যাপস’ চালু করতে হবে। এরপর তালিকা থেকে ইউএসবি সেটিংস খুঁজে বের করে ক্লিয়ার ক্যাচে বাটনে চাপতে হবে। তবে সব অ্যান্ড্রয়েড ফোনে এ অপশন নাও থাকতে পারে এবং আইফোনে এ ধরনের সুবিধা নেই। তাই আইফোন ব্যবহারকারীদের ফোন রিস্টার্ট করে কিছুক্ষণ অপেক্ষা করার পর চার্জ দেয়ার চেষ্টা করতে বলা হয়।
সবশেষ উপায়
বারবার চেষ্টা করেও যদি চার্জ না নেয়, তাহলে ধরে নিতে হবে সমস্যা হার্ডওয়্যারে। পানির কারণে চার্জিং পোর্টের ভেতরে জং ধরতে পারে বা মাদারবোর্ডের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত। প্রয়োজন হলে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করে সাময়িকভাবে ফোন চালানো যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ফোন ভিজে গেলে আতঙ্কিত না হয়ে ধৈর্যের সঙ্গে পদক্ষেপ নিলে ক্ষতি অনেকাংশে কমানো যায়।










