মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে এবং তাকে ফ্রান্স ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি। পাশাপাশি জরিমানা প্রদানের শর্তে জামিন দেয়া হয়েছে। বিষয়টি ফরাসি এক প্রসিকিউটর জানিয়েছেন। খবর সিএনএন।
প্রসিকিউটর জানান, রুশ বংশোদ্ভূত এ ধনকুবেরের বিরুদ্ধে প্লাটফর্মটিতে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি সন্দেহজনক অপরাধের তদন্ত করা হচ্ছে, এর মধ্যে গ্যাং অপরাধও অন্তর্ভুক্ত। তাকে অবশ্যই বিচার বিভাগীয় তত্ত্বাবধানে দেশে থাকতে হবে এবং ৫০ লাখ ইউরো জরিমানা প্রদান ও সপ্তাহে দুদিন ফরাসি পুলিশ স্টেশনে হাজিরা দেয়ার শর্তে জামিন দেয়া হয়েছে।
বুধবার দিনের শুরুতে দুরভকে ফ্রান্সের পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়া হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেয়া হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দেয়া হয়। ফরাসি আইন অনুসারে এখনই তাকে অপরাধী বলার সুযোগ নেই। তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।










