প্রতিদিন নানা কাজে পথ দেখাতে সাহায্য করে গুগল ম্যাপস। কিন্তু অ্যাপটি শুধু দিকনির্দেশনার জন্যই নয়, বরং দৈনন্দিন জীবনকে আরো সহজ ও কার্যকর করার জন্য নানা রকম সুবিধা দেয়। এতে এমন কিছু ফিচার রয়েছে, যেগুলো ব্যবহারকারীর ভ্রমণকে আরো সহজ করে দিতে পারে। অথচ প্লাটফর্মটির অনেক কার্যকর ফিচার সম্পর্কে অধিকাংশ ব্যবহারকারীই জানেন না বা ব্যবহার করেন না। চলুন জেনে নিই, এমন আটটি কার্যকর ফিচার সম্পর্কে—

পছন্দের স্থান সংরক্ষণে রাখা

যেসব স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে বা আবার যাওয়ার চিন্তা আছে, সেগুলো ‘ফেভারিট’ হিসেবে সংরক্ষণ করে রাখা যায়। এসব জায়গা আলাদা তালিকায় সংরক্ষণ ও অন্যদের সঙ্গে সহজে শেয়ার করা যায়।

সেন্ড টু ফোন

কম্পিউটার থেকে গুগল ম্যাপসে কোনো ঠিকানা বা নির্দেশনা খুঁজে বের করে তা মোবাইলে পাঠানোর সুবিধা রয়েছে। এতে কম্পিউটারে তথ্য খুঁজে পরে মোবাইলে সহজেই পথ অনুসরণ করা যায়।

নিয়ারবাই ফিচার

আশপাশের হোটেল, রেস্টুরেন্ট, এটিএম, ফার্মেসি ইত্যাদি খুঁজে পেতে ফিচারটি কাজে লাগে। কোনো এলাকা নির্বাচন করে ‘নিয়ারবাই’ অপশনে গেলে সংশ্লিষ্ট সেবা বা জায়গার তালিকা দেখা যাবে। নতুন কোনো এলাকা বা শহরে গেলে এটি বেশ কাজে আসে।

লোকেশন শেয়ারিং

নিজের লোকেশন পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে রিয়েল-টাইমে শেয়ার করা যায় গুগল ম্যাপসে। ফিচারে নিজের অবস্থান, ব্যাটারির অবস্থা ও আনুমানিক পৌঁছানোর সময়ও দেখা যায়। এটি অনেকটা নিরাপত্তা ফিচার হিসেবে কাজ করে।

বাড়ি ও কর্মস্থলের ঠিকানা সংরক্ষণ

প্রতিদিন যাতায়াত করতে হয় এমন স্থান—যেমন বাসা, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপসে আগেই সংরক্ষণ করে রাখলে দিকনির্দেশনা পাওয়া আরো সহজ হয়। এক ক্লিকেই ওই ঠিকানার পথ পাওয়া যায়। ফলে সময় বাঁচে এবং যাত্রাও হয় ঝামেলাহীন।

ইন্ডোর নেভিগেশন

বড় শপিং মল বা রেলস্টেশনের মতো কিছু নির্দিষ্ট স্থানে গুগল ম্যাপসের ইন্ডোর নেভিগেশন ফিচার ব্যবহার করা যায়। বড় বড় ভবন বা বন্দর, শপিং মল, রেলস্টেশন বা বিমানবন্দরের মতো জায়গায় ভেতরে পথ দেখাতে সাহায্য করে এটি। ফলে বড় ও জটিল অভ্যন্তরীণ স্থানগুলোয়ও সঠিক দিক নির্দেশনা মেলে। যেমন দুবাইয়ের মল অব দি এমিরেটস বা লন্ডনের ক্যানারি ওয়ার্ফ স্টেশনে এ সুবিধা পাওয়া যায়।

পারসোনালাইজড সার্চ

আগের ব্যবহারের ওপর ভিত্তি করে গুগল ম্যাপস প্রাসঙ্গিক ফলাফল দেখায়। এতে সময় বাঁচে এবং প্রয়োজনীয় স্থান দ্রুত খুঁজে পাওয়া যায়।

সেগমেন্টেড সার্চ

কোনো জায়গা খুঁজলে সেটি দাম, রেটিং বা খোলার সময় অনুযায়ী ফিল্টার করা যায়। যেমন রেস্টুরেন্ট খোঁজার সময় কম দামে ভালো রেটিং দেয়া রেস্টুরেন্ট বেছে নেয়া সম্ভব। এমইউও অবলম্বনে