বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ২৬টি কারখানা ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ। এদিকে আন্দোলনের মধ্যেই বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ।
আজ শনিবার দুপুর থেকে আশুলিয়ার কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে নিশ্চিন্তপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন তারা। এ সময় কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। এতে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হন।
একপর্যায়ে ২৬টি কারখানা ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ। এসবা কারখানার মধ্যে নাঈম নিটওয়্যার, নিউ এইজ, নিট এশিয়া, স্টার্লিং ক্রিয়েশন, কন্টিনেন্টাল ও এআর জিন্স রয়েছে।
এদিন বিকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার সামনে থেকে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে শিল্প পুলিশ। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানাকে জানানো হলে পুলিশ সেগুলো নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদ মমিনুল ইসলাম আরো জানান, মালিকপক্ষ ২৬টি কারখানা ছুটি ঘোষণা করেছে। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।










