অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ সাত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। আর অসদাচরণের অভিযোগে বাহিনীর এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এসব শাস্তির আদেশ অনুমোদন করেন। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বরখাস্ত হওয়ারা হলেন, পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি আনিসুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাসান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ও মনিরুজ্জামান সরকার।
এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।









