ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সংখ্যা ৬০৪। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, বরিশালে ২৩৪, খুলনায় ২২৮ ও রাজশাহীতে ১৪৯ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রংপুরে ৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর আজকে পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ২৩৬ জন।










