দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি। শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৭ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৯৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৩ হাজার ৮৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

আর নতুন করে ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২৮ হাজার ৬৬০ জন।