বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সপ্তম বিইউএফটি-ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি) ২০২৬। আজ শনিবার ঢাকার তুরাগের নিশাতনগরে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নিজস্ব অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশী-বিদেশী শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত এম. সায়েম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মিলেনিয়াম অর্গানিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আল মামুন, এঅ্যান্ডই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আরেফিন এবং শিন শিন গ্রুপের উপদেষ্টা (পিপল অ্যান্ড কালচার) টিম জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান।

সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির নিহং পাং। তাদের বক্তব্যে আন্তর্জাতিক পর্যায়ে বস্ত্র ও পোশাকশিল্পের গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবনের বিভিন্ন দিক উঠে আসে।

সম্মেলনের বিভিন্ন কারিগরি অধিবেশনে বস্ত্রবর্জ্য পুনর্ব্যবহার, টেকসই উপকরণ, পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং বস্ত্র রপ্তানিতে পরিবেশগত বিধিবিধান পরিপালনসহ বিভিন্ন বিষয়ে গবেষণা উপস্থাপন ও আলোচনা হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিইউএফটি-ক্রিস্যাট-সেন্ত্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক কম্পিটিশন (ডিএফসিসি) ২০২৬ এবং ক্রিস্যাট ৫-মিনিট রিসার্চ কম্পিটিশন ২০২৬। প্রতিযোগিতা দুটিতে নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগীরা তাঁদের উদ্ভাবনী ধারণা, গবেষণা ও সৃজনশীল উপস্থাপনা তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্মেলনের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউএফটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল।

-সংবাদ বিজ্ঞপ্তি