যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে ১৯ লাখ ব্যারেল। রফতানি বৃদ্ধি ও আমদানি হ্রাস পাওয়ায় দেশটির জরুরি মজুদে এ পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমে ৪১ কোটি ৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ রয়টার্সের জরিপে বিশ্লেষকরা মজুদ ১৫ হাজার ব্যারেল বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

দেশটির ওকলাহোমা অঙ্গরাজ্যের কুশিং সরবরাহ কেন্দ্রে মজুদ কমেছে ৬ লাখ ২৪ হাজার ব্যারেল। এ ছাড়া উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে মজুদ কমে ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বনিম্নে পৌঁছেছে।

ইআইএর তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দৈনিক ১৪ লাখ ব্যারেল বেড়ে পৌঁছায় ৪৮ লাখ ৫০ হাজারে ব্যারেলে। অন্যদিকে নিট আমদানি দৈনিক কমেছে ৭ লাখ ৯৬ হাজার ব্যারেল।

তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষকরা রফতানির এ হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিষ্ঠানটির প্রধান বিশ্লেষক ম্যাট স্মিথের মতে, পর্যবেক্ষণ করা জাহাজে তেল বোঝাইয়ের পরিমাণ ইআইএর হিসাবের চেয়ে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল কম ছিল।