বৈশ্বিক প্রযুক্তি খাতে একটি বড় ধরনের চুক্তি হতে যাচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় এ চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস। খবর রয়টার্স।
দূতাবাসের তথ্যমতে, ট্রাম্পের সফরকে ঘিরেই দুই দেশের মধ্যে নতুন প্রযুক্তি সহযোগিতা চুক্তি সম্পাদন হবে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি খাতকে ঘিরে সহযোগিতা জোরদার করাই আসন্ন চুক্তির মূল লক্ষ্য। এতে দুই দেশের ব্যবসা ও ভোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ অংশীদারত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ ও কোয়ান্টাম কম্পিউটিংসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতকে কেন্দ্র করে গড়ে উঠবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন।










