সাধারণ ও প্রচলিত ব্যায়ামে যেমন হাঁটা, জগিং, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতারের ক্ষেত্রে প্রযুক্তি বা গ্যাজেট ব্যবহারের খুব একটা প্রয়োজন হয় না। তবে বাজারে এমন অনেক গ্যাজেট পাওয়া যায়, যেগুলোর কোনোটি ব্যায়ামে সরাসরি সাহায্য করে, আবার কোনোটি ব্যায়ামকে আরো কার্যকর বা উন্নত করতে সহায়ক। যেমন—

ইলেকট্রিক শেকার বোতল

ব্যায়াম করার মূল উদ্দেশ্য যেহেতু ঘাম ঝরানো, তাই শরীরে পানি ও অন্যান্য পুষ্টি উপাদান ঠিকভাবে যাচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। এজন্য ব্যায়াম করার সময় অনেকে প্রোটিন বা এনার্জি ড্রিংক পান করেন। কেউ আবার সরাসরি স্মুদি বা জুস বানিয়ে পান করতে পছন্দ করেন। শারীরিক কসরতের সময় এ ধরনের পানীয় সহজেই শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। নিজ হাতে এসব বানিয়ে নিতে সহজ সমাধান হতে পারে ইলেকট্রিক শেকার বোতল। বাজারে পাওয়া যায় এমন বিভিন্ন আকার ও দামের বোতলগুলো থেকে একবার চার্জ করে বেশ কয়েকবার পানীয় বানিয়ে নেয়া যায়।

ডিজিটাল জাম্প রোপ

দড়িলাফ বেশ কার্যকর একটি ব্যায়াম। পুরো শরীরের মাংসপেশি এর মাধ্যমে সক্রিয় হয়। তবে ব্যথা নিয়ে এ ব্যায়াম না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দড়িলাফের ক্ষেত্রে দরকারি একটি গ্যাজেট হতে পারে ডিজিটাল জাম্প রোপ। গ্যাজেটটিতে সমন্বয়যোগ্য পর্যাপ্ত দৈর্ঘ্যের দড়ির পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে থাকে। শরীরের উচ্চতা, ওজনসহ ন্যূনতম তথ্য দিয়ে ঠিক কতবার লাভ দিতে হবে, এতে কতটা ক্যালোরি ঝড়ল, কোন পরিবেশ বা আবহাওয়ায় ব্যায়াম করা হচ্ছে ইত্যাদি তথ্য ডিসপ্লে থেকে জানা যাবে।

হেডফোন

ব্যায়ামে মনোযোগ ধরে রাখার জন্য হেডফোন বেশ সহায়ক। এক্ষেত্রে যেকোনো ধরনের হেডফোন ব্যবহার করা যেতে পারে। তবে ব্যায়ামের সুবিধার্থে ওয়্যারলেস হেডফোন বেশি উপযোগী। বর্তমান সময়ে পছন্দের শীর্ষে রয়েছে ইয়ারবাডস। অতিরিক্ত শব্দ এড়িয়ে ব্যায়ামে ফোকাস ধরে রাখতে অ্যাক্টিভ হেডফোনে নয়েজ ক্যান্সেলেশন থাকা জরুরি।

স্মার্ট স্কেল

ওজন মাপার যন্ত্র হিসেবে যেকোনো স্মার্ট স্কেল ব্যবহার করা যেতে পারে। ব্যায়াম কার্যকর হচ্ছে কিনা তা স্মার্ট স্কেলের সাহায্যে শরীরের বিভিন্ন ধরনের পরিমাণের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। যেমন বডি ম্যাস ইনডেক্স (বিএমআই), মাংসপেশির ভর, শরীরের চর্বির ভর, চর্বিবিহীন শরীরের ভর, হাড়ের ভরসহ অনেক কিছু। এসব পরিমাপ স্মার্টফোন অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।

স্মার্ট রিং

আকারে সাধারণ আংটির চেয়ে সামান্যই বড় হলেও করতে পারে অনেক কাজ। ঘুম কেমন হলো সে হিসাব রাখতে পারে। পাশাপাশি শরীরের নড়ন বা ব্যায়াম সম্পর্কিত তথ্যও দিতে সক্ষম স্মার্ট রিং। যথেষ্ট হালকা ওজনের এ গ্যাজেট সবসময় পড়ে থাকা যায় এবং এক চার্জে দীর্ঘদিন চলতে পারে। স্ল্যাশগিয়ার অবলম্বনে