টেক জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসগুলোর জন্য ‘ক্রস-ডিভাইস সার্ভিসেস’ ফিচারের পরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে একই জিমেইল দিয়ে লগ ইন করা একাধিক ডিভাইসে ঝামেলাহীন ইন্টারনেট শেয়ারিং, কল কাস্টিংয়ের মতো কয়েকটি ফিচার ব্যবহার করা যাবে। তবে ডিভাইসগুলো অবশ্যই কাছাকাছি এলাকার মধ্যে থাকতে হবে। খবর গিজমোচায়না।

স্মার্টফোন বা ট্যাবলেটে ফিচারটি চালু করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১১ বা এর পরের হালনাগাদ সংস্করণের প্রয়োজন হবে। একাধিক ডিভাইসে একই জিমেইল দিয়ে লগ ইন ও ব্লুটুথ চালু থাকলেই ফিচারটি ব্যবহার করা যাবে। 

‘ক্রস-ডিভাইস সার্ভিসেস’ চালু করতে স্মার্টফোনের সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে ‘ডিভাইসেস অ্যান্ড শেয়ারিং’ থেকে ‘ক্রস-ডিভাইস সার্ভিসেস’ অপশনটি অন করতে হবে। অন করার পর একই জিমেইল লগ ইন করা ডিভাইসগুলো গ্রুপ করার অপশনও পাওয়া যাবে। 

ফিচারটি চালু থাকলে একটি ডিভাইস থেকে আশেপাশে থাকা অন্য ডিভাইসের হটস্পট অন করা যাবে। এর সাহায্যে গুগল মিট বা জিমেইলের মতো অ্যাপে ভিডিও কলে থাকা অবস্থায় অনায়াসে অন্য ডিভাইসে কল না কেটেই কথা চালানো যাবে। এছাড়া ফাইল শেয়ারিং আরো সহজে হবে। এর জন্য বারবার পাসওয়ার্ড দেয়ার ঝামেলা পোহাতে হবে না।

তবে সুবিধাটি স্যামসাংয়ের ডিভাইসগুলোয় পাওয়া যাবে না। তবে ওই ডিভাইসগুলোর জন্য রয়েছে ‘অটো হটস্পট’ অপশন। 

ফিচারটি ব্যবহারের সময় ব্লুটুথ অন থাকায় কাছাকাছি থাকা স্মার্টফোন বা ট্যাবলেটগুলোয় ডিভাইসটির নামের মতো ব্যবহারকারীর সাধারণ কিছু তথ্য দেখতে পারবে। কেউ এটি না চাইলে ফিচারটি ব্যবহারের পর ‘ক্রস-ডিভাইস সার্ভিসেস’ অপশনটি বন্ধ করে রাখতে পারবেন। 

ফিচারটি আপাতত বেটা বা পরীক্ষামূলক অবস্থায় আছে। গুগল জানিয়েছে, উন্মোচনের পর পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড সংস্করণ ১১ বা এর বেশি ডিভাইসগুলোয় পর্যায়ক্রমে এটি চালু করা হবে।