সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের অতিরিক্ত সময় কাটানো নিয়ে উদ্বেগ বাড়ায় সোশ্যাল মিডিয়া-সংক্রান্ত নীতি আরো কঠোর করছে অস্ট্রেলিয়া। শুরুতে ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও ফেসবুক নিষিদ্ধ করার কথা বলা হলেও ইউটিউব ছিল এর বাইরে। তবে এখন সিদ্ধান্ত বদলে ইউটিউবকেও এ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে দেশটি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

দেশটিতে গত নভেম্বরে পাস হওয়া আইনে বলা হয়েছে, সোশ্যাল প্লাটফর্ম থেকে ১৬ বছরের কম বয়সীদের দূরে রাখতে কোম্পানিগুলোকে ‘যথোপযুক্ত পদক্ষেপ’ নিতে হবে। না হলে প্রায় ৫ কোটি ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে। তবে শ্রেণীকক্ষে অভিভাবক বা শিক্ষকরা ইউটিউব ভিডিও দেখাতে পারবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘অনলাইন প্লাটফর্মগুলো শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমি অস্ট্রেলিয়ার অভিভাবকদের জানাতে চাই, আমরা তাদের পাশে আছি।’

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ১৮ বছরের নিচের ৩৭ শতাংশ শিশু ইউটিউবে ক্ষতিকর কনটেন্ট দেখেছে, যা সব সোশ্যাল প্লাটফর্মের মধ্যে সর্বোচ্চ। এমন বাস্তবতায় টিকটক ও ফেসবুকের সঙ্গে ইউটিউবেও বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, ‘ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম, কোনো সোশ্যাল মিডিয়া নয়।’