টেক জায়ান্ট গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত একটি সম্ভাব্য বিশাল চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। চুক্তিটির মূল্য অন্তত কয়েক হাজার কোটি ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন চুক্তির মাধ্যমে অ্যানথ্রপিককে অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা দিয়ে সহায়তা করবে টেক জায়ান্ট গুগল।
এআইয়ের চাহিদা বৃদ্ধি, অনলাইনভিত্তিক পরিষেবার সম্প্রসারণ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে বিভিন্ন কোম্পানির মধ্যে সম্প্রতি ক্লাউড চুক্তির পরিমাণ বাড়ছে। কোম্পানিগুলো বড় পরিমাণ কম্পিউটিং শক্তি এবং উন্নত সার্ভারের জন্য আরো বেশি বিনিয়োগ করছে। যেমন মেটা প্লাটফর্মের সঙ্গেও গত আগস্টে ছয় বছরের একটি ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে গুগল। ১ হাজার কোটি ডলার মূল্যের চুক্তিটি গুগলের ইতিহাসে অন্যতম বৃহৎ চুক্তি হিসেবে দেখা হচ্ছে। এবার আরো বড় অংকের চুক্তির মাধ্যমে টেক জায়ান্টটি হাত মেলাচ্ছে অ্যানথ্রপিকের সঙ্গে।
চুক্তিটি বাস্তবায়ন হলে গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপ ব্যবহার করতে পারবে অ্যানথ্রপিক, যা মেশিন লার্নিং বা এআই-নির্ভর কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়া গুগল এর আগেও অ্যানথ্রপিকে বিনিয়োগ এবং কিছু ক্লাউড সেবাও সরবরাহ করছে।
তবে অ্যানথ্রপিক ও গুগল এ চুক্তির বিষয় এখনো কিছু নিশ্চিত করেনি। তাই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় চুক্তির বিস্তারিত পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, দুই কোম্পানির চুক্তির খবর প্রকাশ্যে আসার পর গুগলের শেয়ারদর ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে অ্যামাজনের শেয়ারমূল্য প্রায় ২ শতাংশ কমেছে। কোম্পানিটিও অ্যানথ্রপিকের বিনিয়োগকারী ও ক্লাউড সেবা প্রদানকারী।
ওপেনএআইয়ের সাবেক কর্মীদের হাতে ২০২১ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যানথ্রপিক মূলত এআই অ্যাসিস্ট্যান্ট ক্লড সিরিজের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) জন্য বেশি পরিচিত। বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লড মডেলের ব্যবহার বাড়ায় কোম্পানিটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে ২০২৫ সালের শেষ নাগাদ বার্ষিক ৯০০ কোটি ডলারের আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অ্যানথ্রপিক।
বিশ্লেষকরা বলছেন, অন্যান্য এআই কোম্পানির মতো অ্যানথ্রপিকও প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে বড় পরিমাণে অর্থ সংগ্রহ করছে। কারণ এআই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ব্যবহারকারীর চাহিদা পূরণের জন্য আরো বেশি সম্পদ প্রয়োজন। গুগল এরই মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যানথ্রপিকে। যার মধ্যে ২০০ কোটি ২০২৩ সালে এবং ১০০ কোটি বিনিয়োগ হয়েছে চলতি বছরের শুরুতে। অন্যদিকে অ্যামাজনও এআই কোম্পানিটিতে প্রায় ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের গুরুত্বপূর্ণ গ্রাহক অ্যানথ্রপিক। অ্যামাজনের কাস্টম এআই চিপ ব্যবহার করে গবেষণা ও উন্নয়ন চালাচ্ছে কোম্পানিটি। এদিকে ওপেনএআইও নিজেদের বাড়তে থাকা কম্পিউটিং চাহিদা পূরণের জন্য অ্যালফাবেটের গুগল ক্লাউড সেবা ব্যবহার করার পরিকল্পনা করছে।
বিষয়টি অনেকের কাছে অপ্রত্যাশিত। কারণ এআই খাতে ওপেনএআই এবং গুগলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। গত মাসে এআই প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রযুক্তি জায়ান্ট ওরাকলও প্রায় ৩০ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তিতে স্বাক্ষর করেছে।










