২০২৪ সালের সেরা ভিডিও গেমের অ্যাওয়ার্ড জিতেছে জনপ্রিয় গেম সিরিজ অ্যাস্ট্রো বট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বৃহস্পতিবার ‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত’ হয়। এ আয়োজনে বছরের সেরা ভিডিও গেমগুলোকে সম্মান জানানো হয়। সেই সঙ্গে স্বীকৃতি দেয়া হয় বিভিন্ন ধরনের গেম নির্মাতাদের কাজকে।

জাপান স্টুডিও ও অ্যাসোবি টিমের তৈরি প্লেস্টেশন গেম ‘অ্যাস্ট্রো বট’ দ্য গেম অ্যাওয়ার্ডসে ‘গেম অব দ্য ইয়ার’ বা বছরের সেরা গেমের পুরস্কার জিতেছে। ফাইনাল ‘ফ্যান্টাসি ৭ রিবার্থ’, ‘ব্ল্যাক মিথ: উকং’, ‘মেটাফর: রিফ্যানটাজিও’, ‘এলডেন রিং: শ্যাডো অব অ্যার্ডট্রি’ ও ‘বালাত্রো’র মতো বড় গেমগুলোকে পেছনে ফেলেছে ‘রঙিন ও মজার’ হিসেবে পরিচিত এ গেম।

এ অনুষ্ঠানে অ্যাস্ট্রো বট আরো তিনটি পুরস্কার জিতেছে। এগুলো হলো সেরা ফ্যামিলি গেম, সেরা অ্যাকশন-অ্যাডভেঞ্চার ও সেরা গেম ডিরেকশন।

এটি একটি প্লাটফর্মার গেম, যেখানে খেলোয়াড়কে একটি অ্যাস্ট্রো নামে রোবট চরিত্রটিকে নিয়ন্ত্রণ করতে হয়। গেমটি চলতি বছর সেপ্টেম্বরে প্রকাশ পায়। খেলার পরিবেশ চমৎকার থ্রিডি গ্র্যাফিকস দিয়ে সাজানো। অ্যাস্ট্রো বটের দৃষ্টিনন্দন গ্র্যাফিকস, চমৎকার গেম প্লে ও সৃজনশীল লেভেল ডিজাইনের জন্য এটি বিশ্বজুড়ে সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।

দ্য গেম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বেশকিছু গেম প্রশংসিত হয়েছে। পোকার থিমযুক্ত বালাত্রো তিনটি পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে সেরা মোবাইল গেম। রোল-প্লেইং গেম মেটাফর: রিফ্যানটাজিও-ও তিনটি পুরস্কার জিতেছে। চীনা পুরাণের ওপর ভিত্তি করে তৈরি ব্ল্যাক মিথ: উকং এ সময় প্লেয়ারস ভয়েস অ্যাওয়ার্ড পেয়ছে। গেমটি ভক্তদের ভোটে নির্বাচিত হয়। সাতটি বিভাগে মনোনীত ফাইনাল ফ্যান্টাসি ৭: রিবার্থ কেবল সেরা সংগীত পুরস্কার জিতেছে। ফলে বিষয়টি অনেকের জন্য হতাশাজনক ছিল।

‘গেমিংয়ের অস্কার’ নামে পরিচিত দ্য গেম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সাধারণত বিজ্ঞাপন ও নতুন গেমের ট্রেলার দেখানোর জন্য সমালোচিত হয়। তবে ইভেন্টটি গেমের প্রিভিউগুলোর জন্য প্রতি বছর কোটি কোটি দর্শককে আকর্ষণ করে। সাম্প্রতিক বছরগুলোয় বড় গেম প্রকাশকরা নিজেদের আলাদা ইভেন্টে তাদের বড় সব গেম ঘোষণার চেষ্টা করছে। তাই প্রত্যাশা অনুয়ায়ী ইভেন্টে গ্র্যান্ড থেফট অটো ৬ বা নিনতেন্দোর পরবর্তী কনসোল নিয়ে কোনো তথ্য দেয়া হয়নি। তবে ‘নটি ডগ স্টুডিও’ একটি নতুন গেম ঘোষণা করেছে। গেমটির ট্রেলার নিয়ে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

দ্য গেম অ্যাওয়ার্ডস নিয়ে একটি সাধারণ অভিযোগ হলো, এটি গেমিং শিল্পের গুরুত্বপূর্ণ সমস্যার দিকে যথেষ্ট মনোযোগ দেয় না। বিশ্বজুড়ে ব্যাপক ছাঁটাইয়ের পাশাপাশি, ২০২৩ সালে ইভেন্টের সমালোচকরা বলেছিলেন যে পুরস্কার বিজয়ীদের আরো সময় দিতে হবে, যেন তারা এসব সমস্যা নিয়ে কথা বলতে পারে। এর পরিপ্রেক্ষিতে এ বছর ইভেন্টে ‘গেম চেঞ্জার্স’ অ্যাওয়ার্ড চালু করা হয়। পুরস্কারটি জিতেছেন যুক্তরাষ্ট্রে টেনসেন্ট গেমসের একজন পরিচালক আমির সত্তভ। তিনি সম্প্রতি চাকরি হারানো গেম ডেভেলপারদের নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করার জন্য একটি ব্যক্তিগত প্রকল্প শুরু করেন।

চলতি বছর দ্য গেম অ্যাওয়ার্ডসে কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে একটি বড় বিতর্ক ছিল ‘এলডেন রিং: শ্যাডো অব দ্য অ্যার্ডট্রি’র গেম অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন। কারণ এটি একটি পূর্ণাঙ্গ নতুন গেম নয়, বরং একটি পুরনো গেমের প্রসারণ বা বর্ধিত অংশ। বিবিসি অবলম্বনে