মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের সম্ভাব্য প্রতারণা বা স্ক্যাম থেকে সুরক্ষা দিতে নতুন টুল চালু করছে মেটা। একই সঙ্গে চলতি বছরে শুরু থেকে মিয়ানমার, লাওসসহ চার-পাঁচটি দেশ থেকে পরিচালিত প্রায় ৮০ লাখ প্রতারণামূলক অ্যাকাউন্ট শনাক্ত ও বন্ধ করার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
মেটার তথ্যানুযায়ী কোম্পানিটি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২১ হাজারের বেশি ভুয়া ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে। এগুলো বেশির ভাগই নানা প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কেন্দ্রের ছদ্মবেশে প্রতারণা চালাচ্ছিল এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য নিতে ফাঁদ পেতেছিল। তবে এখনো অনেক কাজ বাকি বলে উল্লেখ করেছে মেটা। বিশেষ প্রযুক্তি ব্যবহারে তুলনামূলক অনভিজ্ঞ এবং সহজেই প্রতারণার শিকার হতে পারেন এমন প্রবীণ ব্যবহারকারীদের সুরক্ষায় কাজ করছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে নেই এমন ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে স্ক্রিন শেয়ারের সময় এখন থেকে একটি সতর্কবার্তা দেখা যাবে। কারণ অনেক প্রতারক ব্যবহারকারীদের স্ক্রিন শেয়ার করতে প্রলুব্ধ করে তাদের ব্যাংক তথ্যসহ সংবেদনশীল ডাটা হাতিয়ে নেয়। সতর্কবার্তায় মেটা ব্যবহারকারীদের জানাবে, ‘শুধু বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করুন। কারণ এতে অন্যপক্ষ আপনার ফোনের সবকিছু, এমনকি ব্যাংক তথ্যও দেখতে পারে।’
মোবাইলের মেসেঞ্জার অ্যাপেও উন্নত প্রতারণা শনাক্তকরণ টুল পরীক্ষা করছে মেটা। কোনো ব্যবহারকারী সন্দেহজনক মেসেজ পেলে স্ক্রিনে একটি সতর্কবার্তা পপ-আপ হিসেবে দেখা যাবে। চাইলে মেসেজটি এআই দ্বারা বিশ্লেষণের জন্য মেটা কর্তৃপক্ষের কাছে পাঠানো যাবে। মেটার এআই প্রযুক্তি বার্তাটিতে প্রতারণার ইঙ্গিত পেলে ব্যবহারকারীকে সাধারণ প্রতারণার কিছু লক্ষণ জানানো হবে, যেমন—টাকার বিনিময়ে চাকরির সুযোগ, অস্বাভাবিকভাবে দ্রুত আয়ের প্রলোভন কিংবা ঘরে বসে কাজের প্রস্তাব। সতর্কবার্তায় আরো বলা হবে, ‘কখনই অপরিচিত কাউকে অর্থ পাঠাবেন না বা গিফট কার্ড দেবেন না। কারণ প্রতারকরা সাধারণত এসব পদ্ধতিতেই অর্থ হাতিয়ে নেয়।’ পাশাপাশি পৃষ্ঠার নিচে থাকবে অ্যাকাউন্ট রিপোর্ট ও ব্লক করার সুবিধাও।
তবে মেসেঞ্জারের নতুন প্রতারণা শনাক্তকরণ টুলটি কবে সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি মেটা। আপাতত প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের দ্রুত পরিচয় যাচাইয়ের জন্য ‘পাসকি’ সেট করতে পরামর্শ দিচ্ছে।










