২০০৭ সালের জুনে প্রথম আইফোন উন্মোচন করেছিল অ্যাপল। দিনক্ষণ হিসেবে ২০২৭ সালে ২০তম বার্ষিকী পালন করবে টেক জায়ান্টটি। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, দিবসটি উদযাপন উপলক্ষে আইফোনের নকশা পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। তার মতে, আপডেটটি এখন পর্যন্ত অ্যাপলের করা সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি। খবর গিজচায়না।
গুরম্যান বলছেন, নতুন নকশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ফোল্ডেবল আইফোন, যা অ্যাপল ২০২৭ সালে আইফোন ১৯ প্রোর সঙ্গে চালু করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন সংস্করণটি অনেক বেশি গ্লাস দিয়ে ডিজাইন করবে। যদিও বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে গ্লাস বডির কারণে ফোনটি মসৃণ ও আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন নকশায় শাওমি মিক্স আলফার মতো মোড়ক স্টাইলের ডিসপ্লে থাকতে পারে।
তবে অ্যাপলের গ্লাস আইফোনের ধারণা নতুন নয়। ২০১৭ সালে অ্যাপলের সাবেক প্রধান নকশাকার জনি আইভ একটি একক গ্লাসের স্ল্যাব দিয়ে আইফোন তৈরি করার কথা ভেবেছিলেন। সে ধারণাটি বাস্তবায়ন হয়নি, তবে মনে হচ্ছে অ্যাপল এখন সে পথে এগোচ্ছে।
গুরম্যানের প্রতিবেদনে আরো কিছু পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। আসন্ন আইফোন ১৭ প্রো মডেলগুলোয় আর দুটি রঙের প্যানেল থাকবে না। বর্তমান আইফোন ১৬ প্রোর মতো ১৭ প্রোতেও একটি পরিষ্কার ও একক রঙের নকশা থাকবে। গুরম্যান একে আরো পরিশীলিত হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ পরিমার্জন হলো ক্যামেরা মডিউলেও বড় ধরনের পরিবর্তন আসবে। আইফোন ১৭ প্রোর ক্যামেরা আইল্যান্ডটি ফোনের প্রস্থে বিস্তৃত হবে। হালনাগাদটি ফোনের চেহারা এবং ক্যামেরা পারফরম্যান্স উভয়ই উন্নত করবে বলে আশা করছেন গুরম্যান।
এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, আইফোন ১৭ প্রো মডেলের ক্যামেরা আইল্যান্ড হবে ডুয়াল-টোন বা দুই রঙের। কিন্তু নতুন তথ্যানুযায়ী, ক্যামেরা আইল্যান্ডের রঙ হবে ফোনের বাকি অংশের মতোই এক রঙের।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কোম্পানিটি আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে বড় ও উত্তেজনাপূর্ণ কিছু পরিকল্পনা করছে। এর আওতায় একটি গ্লাস বা ফোল্ডেবল বডি অন্তর্ভুক্ত হতে পারে।










