দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে পুরনো ও অব্যবহৃত ইউজারনেম বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করছে এক্স। নিষ্ক্রিয় ইউজারনেম বেচা-কেনার জন্য নতুন ‘হ্যান্ডেল মার্কেটপ্লেস’ চালু করছে ইলোন মাস্কে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। পাশাপাশি আগ্রহীদের জন্য খোলা হবে ওয়েটলিস্টও। খবর এনগ্যাজেট

এক্স জানিয়েছে, প্লাটফর্মের পেইড সাবস্ক্রাইবাররা পুরোনো ও নিষ্ক্রিয় ইউজারনেম কিনতে পারবেন। বিশেষ করে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন ইউজারনেমগুলোর দাম লাখ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।

কোম্পানিটি ‘প্রায়োরিটি’ ও ‘রেয়ার’ নামে দুই ধরনের নিষ্ক্রিয় ইউজারনেম বিক্রির কথা জানিয়েছে। প্রায়োরিটিতে থাকবে পূর্ণ নাম এবং বহু শব্দ, অক্ষর ও সংখ্যা দিয়ে তৈরি ইউজারনেম, যেমন @PizzaEater কিংবা @GabrielJones। রেয়ারে সহজ, সংক্ষিপ্ত এবং সবাই চিনতে পারবে বা জনসাধারণের মধ্যে পরিচিত নামগুলো থাকবে। প্রিমিয়াম প্লাস এবং প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রাইবাররা সাবস্ক্রিপশনের অংশ হিসেবে প্রায়োরিটি হ্যান্ডেল কিনতে পারবেন। তবে সাবস্ক্রিপশন শেষ হলে এসব ইউজারনেমও বাতিল হয়ে যাবে।

যদিও রেয়ার হ্যান্ডেল পাওয়ার নিয়ম নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি এক্স। তবে এগুলোর মধ্যে কিছু ফ্রিতেও মিলতে পারে।